রামগড়ে ফার্নিচারসহ ভারতীয় মদ জব্দ

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) পৃথক দুটি অভিযানে ভারতীয় মদ ও অবৈধ ফার্নিচার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টহল দল।
রামগড় বিজিবি জোন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বাগানবাজার এলাকার বরই বাগান নামক স্থানে চোরাচালান আসছে।
রবিবার (২ জুলাই) ভোর রাতে বাগান বাজার বিওপির নায়েব সুবেদার শহিদুল ইসলামের নেতৃত্বে বিজিবি অভিযান চালালে চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া মালামাল তল্লাশি করে ৯০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য এক লাখ ৩৫ হাজার টাকা।
অন্যদিকে, সকালে চট্টগ্রাম জেলার ভুজপুর থানার হেয়াকো বিওপির মুসলিমপুর স্থানে রাতে নায়েব সুবেদার জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে পৃথক আরো একটি অভিযানে একটি ওয়ারড্রপ, আটটি বক্স খাট, ছয়টি কাঠের চেয়ার এবং একটি ডাইনিং টেবিলসহ বিভিন্ন প্রকার ফার্নিচার জব্দ করা হয়। আটককৃত বিভিন্ন প্রকার ফার্নিচার হেয়াকো বন বিট অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তে অবৈধ চোরাচালান রোধে বিজিবির নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

















