রামগড়ে ভুল প্রশ্নে পরীক্ষা গ্রহণে উদ্বিগ্ন পরীক্ষার্থীরা


খাগড়াছড়ির রামগড়ে একটি কেন্দ্রে এসএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্রের সৃজনশীল এবং বহু নির্বাচনী পরীক্ষা ভুল প্রশ্নে গ্রহণ করা হয়েছে। এতে প্রায় এক’শ জন নিয়মিত পরীক্ষার্থী ২০১৮ সালের সিলেবাসে অর্থাৎ অনিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নে উত্তর লিখতে হয়েছে। উপজেলার ৩টি কেন্দ্রের মধ্যে রামগড় বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জানা যায়, রামগড় বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অংশগ্রহকারী ৯৪জন পরীক্ষার্থীর সকলেই রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
তারা জানায়, বহু নির্বাচনী পরীক্ষা ৩০ মিনিটের ও ৩০ নম্বরের। এই পরীক্ষা প্রথমেই দিতে হয়। তাদের সুযোগ ছিলো না হলে বসে সিলেবাস যে ২০১৮ সালের ছিল তা দেখার। পরে ৭০ নম্বরের রচনামূলক সৃজনশীল প্রশ্নপত্রও বিতরণ করা হয় ২০১৮ সালের সিলেবাসের।
পরীক্ষার্থীরা হলে ভুল প্রশ্নপত্রের বিষয়টি খেয়াল করতে পারেনি। পরীক্ষা শেষে বাসায় ফেরার পর ২-১জন অভিভাবক ও পরীক্ষার্থীর নজরে আসে এটি। পরে তারা স্কুলের শিক্ষকদের বিষয়টি জানান।
পুরাতন সিলেবাসের প্রশ্নে ২০২০ সালের নিয়মিত পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ায় সম্ভাব্য ক্ষতির মুখে পড়েছে তারা।
পরীক্ষার্থীরা জানায়, তারা প্রত্যাশা অনুযায়ী পরীক্ষা দিতে পারেনি। এতে তাদের সার্বিক ফলাফলে বড় ধরনের প্রভাবের আশঙ্কা করছে। সোমবার সন্ধ্যার পর বিষয়টি প্রকাশ হলে দ্রুত তা ছড়িয়ে পড়ে। এতে অভিভাবক ও পরীক্ষার্থীদের উদ্বেগ উৎকন্ঠা দেখা দেয়।
এদিকে ভুল প্রশ্নে পরীক্ষা নেওয়ার বিষয়টি স্বীকার করে কেন্দ্র সচিব ও রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আব্দুল কাদের বলেন, ভুলবশত:ই এ ঘটনাটি ঘটেছে।
তিনি আরও বলেন, বিষয়টি চট্টগ্রাম শিক্ষ বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককে অবহিত করা হয়েছে। ভুল প্রশ্নে নেওয়া পরীক্ষার্থীদের উত্তরপত্রগুলো আলাদাভাবে শিক্ষা বোর্ডে পাঠানো হবে। পরীক্ষার্থীরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিক বিবেচনায় রেখে ঐ উত্তরপত্র মূল্যায়ন করার ব্যবস্থা করবে শিক্ষা বোর্ড।

















