রামুতে চোরাই মোটর সাইকেল উদ্ধার
প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজারের রামু উপজেলার বাইপাসের একটি হোন্ডা ওয়ার্কশপ থেকে চোরাই মোটর সাইকেল উদ্ধার করেছে পুলিশ। পরে উক্ত উদ্ধারকৃত মোটর সাইকেলটি মালিকের কাছে হস্তান্তর করা হলেও ঘটনার সঙ্গে জড়িত কাউকেই এখনো আটক করা হয়নি।
শনিবার (১২ মার্চ) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার বাইপাস লোকমানের মালিকানাধীন হোন্ডা ওয়ার্কশপ থেকে উক্ত বাজাজ কোম্পানীর ১৩০ সিসি পালসার মোটর সাইকেল উদ্ধার করা হয়।
ভুক্তভোগীরা জানান, ওই মোটরসাইকেল চোরের ঘটনায় চাকমারকুল ইউনিয়নের ডেইঙ্গা পাড়ার চিহ্নিত চোর আলমগীরের সম্পৃক্ততা থাকলেও রহস্যজনক কারণে তাকে এখনো গ্রেপ্তার করেনি পুলিশ। লোকমান তার ওয়ার্কশপ ব্যবসার আড়ালে বিভিন্ন স্থানে চোরাইকৃত মটরসাইকেল কেনা-বেচার সাথে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।
গাড়ির মালিক জিয়াউল জানান, মোটর সাইকেলটি উদ্ধার হলেও চুরির ঘটনায় জড়িত থাকায় আলমগীরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করায় এলাকায় চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে।
রামু থানার উপ-পরিদর্শক (এসআই) স্বপন চন্দ্র বড়ুয়া মোটর সাইকেল উদ্ধারের বিষয়ে সত্যতা স্বীকার করে বলেন, উদ্ধারকৃত মোটর সাইকেলটি সদর উপজেলা চৌফলন্ডী নতুন মহাল এলাকার বাসিন্দা গাড়ীর মালিক জিয়াউল হককে হস্তান্তর করা হয়েছে। মোটর সাইকেল চুরির ঘটনায় জড়িতদেরকে দ্রুত আইনের আওতায় আনা হবে।


















