লক্ষ্মীছড়িতে এসএসসি পরীক্ষার ফলাফলের খুশির খবরে মিষ্টি খেয়ে অর্ধ শতাধিক ব্যক্তি অসুস্থ: প্রশাসনের তড়িৎ ব্যবস্থাগ্রহণ

স্টাফ রিপোর্টার, লক্ষ্মীছড়ি:

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় এসএসসি’র ফলাফল প্রকাশ হওয়ার খুশির খবরে পিতা-মাতা ও ছাত্র-ছাত্রী এবং বন্ধু বান্ধব মিলে মিষ্টি খাওয়ার পর বিভিন্ন এলাকায় শতাধিক ব্যক্তির অসুস্থ হয়ে হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হওয়ার খবর পাওয়া গেছে।

এ ঘটনা শোনার পর উপজেলা প্রশাসন তড়িৎ ব্যবস্থা গ্রহণ করে চিকিৎসা এবং বাজারে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে। শনিবার গভীর রাত থেকে অসুস্থ হওয়ার ঘটনা ঘটতে থাকে।

জানা যায়, ১৭ মে সারা দেশের মত লক্ষ্মীছড়ি উপজেলায় দুপুরের পর ছেলে-মেয়েরা মোবাইল ও ইন্টারনেটে ফলাফল পেয়ে খুশিতে মিষ্টি খাওয়া ও বিতরণ করে। লক্ষ্মীছড়ি বাজার ও মানিকছড়ি, ফটিকছড়ি এলাকা থেকে বিভিন্ন মাধ্যমে মিষ্টি আনা হয় বলে জানা গেছে। রাত ১০টার দিকে বিভিন্ন এলাকায় অসুস্থ হওয়ার খবর আসতে থাকে। রাতেই প্রাথমিক ভাবে ফার্মেসিতে চিকিৎসা নেয় কেউ কেউ।

১৮মে রবিবার সকালে লক্ষ্মীছড়ি হাসপাতালে ভর্তি হয়ে ১০/১২জন চিকিৎসা নেয়। বাজারে ফার্মেসিতে স্যালাইন নিতে দেখা গেল চাইল্যাতলী এলাকার উক্রজাই মার্মা(৪২), লক্ষ্মীছড়ি গুচ্ছ গ্রামের তৈয়বুর রহমানের ৫বছরে শিশু আয়শা আক্তারসহ আরো অনেককে।  শিলাছড়ি পাড়ার পাইপ্রু মার্মার ছেলে, বানর কাটা এলাকার আক্র মার্মাসহ আরো অনেকেই চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনা শোনার পর লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সপিার জ্যোতি চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান, ভাইস চেয়ারম্যান অংগ্য  প্রু মার্মা হাসপাতালে ছুটে যান। উপজেলা নির্বাহী কর্মকর্তা বাজার পরিদর্শন করে এক মিষ্টির দোকান মালিককে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে লক্ষ্মীছড়ি জোনের সেনাবাহিনীর ডাক্তার এসে কয়েকজন রোগীকে প্রাথমিক চিকিৎসা দেন।

এ সময় সেনাবাহিনীর ডাক্তার(আরএমও) ক্যাপ্টেন রোমেল জানান, আতংকিত হওয়ার কিছু নেই। ফুড পয়জন জনিত ঘটনা ঘটে থাকতে পারে। সাধারনত বমি বা মল ত্যাগের মাধ্যমে পেট থেকে এই জীবাণু বাহির হয়ে গেলেই রোগী সুস্থ হয়ে যাবে বলে তিনি জানান। মিষ্টি খেয়ে হঠাৎ করে অসুস্থ হওয়ার ঘটনা ঘটলেও আসলে কি কারণে এমনটি হয়েছে তা নিশ্চিত করে জানা যায় নি। এ ঘটনায় প্রায় অর্ধশতাধিক ব্যক্তি অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। তবে অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা ঘটে নি।

উল্লেখ্য এসএসসি’র ফলাফলে লক্ষ্মীছড়ি উচ্চ বিদ্যালয়ে ১’শ ৫২ ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ১’শ জন। তবে জিপিএ-৫ পায় নি কেউ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন