সংস্কৃতি কর্মীদের জন্য বিশেষ কল্যাণ কার্ড চালু করবে সরকার

fec-image

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, সংস্কৃতি কর্মীদের জন্য বিশেষ কল্যাণ কার্ড চালুর উদ্যোগ গ্রহণ করা হবে, যাতে তারা প্রাতিষ্ঠানিক সহায়তা ও সামাজিক নিরাপত্তার আওতায় আসতে পারেন। পাশাপাশি দেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন, লোকঐতিহ্য ও ঐতিহাসিক স্থাপনাগুলো সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। কারণ, ঐতিহ্য রক্ষা মানেই জাতির শেকড়কে সুরক্ষিত রাখা।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরে গতকাল আয়োজিত বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘নৃত্যগীতি ও প্রবন্ধ পাঠ’ এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, সংস্কৃতি কেবল বিনোদনের অনুষঙ্গ নয়; সংস্কৃতি একটি জাতির আত্মপরিচয়, চেতনা ও সভ্যতার ভিত্তি। যে জাতি তার সংস্কৃতিকে ধারণ ও লালন করতে পারে না, সে জাতি ইতিহাসের ধারাবাহিকতায় টিকে থাকতে পারে না। হাজার বছরের বাঙালি সংস্কৃতি মানবতা, অসাম্প্রদায়িকতা, সহনশীলতা ও মুক্তচিন্তার এক উজ্জ্বল দৃষ্টান্ত। রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম তাঁদের সাহিত্য, সংগীত ও দর্শনের মাধ্যমে সেই চেতনাকেই বিশ্বদরবারে প্রতিষ্ঠিত করেছেন।

তিনি আরো বলেন, বাংলাদেশের সংস্কৃতি বৈচিত্র্যের এক অনন্য মিলনভূমি। এ দেশের বিভিন্ন জাতি, ধর্ম, ভাষা ও গোষ্ঠীর মানুষ যুগ যুগ ধরে পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থানের মাধ্যমে এক সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য গড়ে তুলেছে। এই বৈচিত্র্যের মধ্যকার ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। বিভেদ, সাম্প্রদায়িকতা ও অপসংস্কৃতির বিরুদ্ধে সাংস্কৃতিক জাগরণই হতে পারে সবচেয়ে কার্যকর প্রতিরোধ।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার সংস্কৃতিকে রাষ্ট্র গঠনের অন্যতম চালিকাশক্তি হিসেবে বিবেচনা করছে। দেশের প্রতিটি অঞ্চলে সাংস্কৃতিক কর্মকাণ্ড বিস্তৃত করা, নতুন প্রজন্মকে ইতিহাস, ঐতিহ্য ও মানবিক মূল্যবোধের সাথে সম্পৃক্ত করা এবং শিল্পী-সংস্কৃতি কর্মীদের মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে সরকার বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে।

সংস্কৃতি মন্ত্রী বলেন, রবীন্দ্রনাথ আমাদের মানবতার বাণী শিখিয়েছেন, নজরুল শিখিয়েছেন সাম্য, দ্রোহ ও মুক্তির চেতনা। নতুন প্রজন্মের কাছে তাঁদের আদর্শ পৌঁছে দিতে হলে সাংস্কৃতিক চর্চাকে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজজীবনের প্রতিটি স্তরে আরো শক্তিশালীভাবে প্রতিষ্ঠা করতে হবে। একটি মানবিক, প্রগতিশীল ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গঠনে সংস্কৃতিই হবে আমাদের সবচেয়ে বড় শক্তি।

অনুষ্ঠানে খ্যাতিমান নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদ ও শামীম আরা নীপার নির্দেশনায় ‘নৃত্যাঞ্চল’-এর শিল্পীরা মনোমুগ্ধকর নৃত্যগীতি পরিবেশন করেন। পাশাপাশি রবীন্দ্রনাথ ও নজরুলের সাহিত্য, দর্শন ও মানবিক চেতনাকে কেন্দ্র করে প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তারিক মনজুর এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ রেজা।

ইতিহাস ও ঐতিহ্য পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পাওয়ান বঢ়েসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষাবিদ, সংস্কৃতিকর্মী ও সংস্কৃতিপ্রেমী মানুষ অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইতিহাস ও ঐতিহ্য পরিষদের সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নিতাই রায় চৌধুরী, বিশেষ কল্যাণ কার্ড, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন