স্বরাষ্ট্র উপদেষ্টার পরিদর্শনকালে ১৭ রোহিঙ্গা অপহরণে চাঞ্চল্য সৃষ্টি


অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সীমান্ত এলাকা পরিদর্শনকালে ১৭ রোহিঙ্গা শ্রমিক অপহরণের ঘটনায় বিষয়টি চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
সোমবার কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া পশ্চিম পাহাড় এলাকায় এই অপহরণের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন।
তিনি বলেন, বন বিভাগের হয়ে কাজ করতে যাওয়া ১৭ শ্রমিকই রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে।
অপহৃত রোহিঙ্গা শ্রমিকরা হলেন সাইফুল ইসলাম (২২), সৈয়দ (৫০), রফিক, শ্রমিক আইয়ুব খান (১৮), আইয়ুব আলী (৫০), আনসার উল্ল্যাহ (১৮), আয়াত উল্ল্যাহ (২২), সামছু (৪৫), ইসলাম (২১),সামছু (৪০), ইসমাইল (৩৫), মোহাম্মদ হাসিম (৪০), নূর মোহাম্মদ (২১), সৈয়দ আমিন (৩০), সফি উল্ল্যাহ (৩০), আইয়ুব (৫০) ও মাহাতা আমিন (১৮)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন সাংবাদিকদের আরও জানান, হ্নীলা জাদিমুড়া এলাকা থেকে ১৭ জন অপহরণের শিকার হয়েছে। তাদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
টেকনাফ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, প্রতিদিনের মতো বাগানে কাজ করতে গেলে ১৭ জনকে অপহরণ করা হয়। আমাদের বন বিভাগ, এপিবিএন, উপজেলা প্রশাসনহ আইনশৃঙ্খলা বাহিনীগুলো তাদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছি।
কক্সবাজার দক্ষিণ বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) নুরুল ইসলাম বলেন, আজকে বন বিভাগের মৌছনি বিটের বনের জায়গা পরিষ্কার করতে যাওয়া ১৭ শ্রমিককে অপহরণ করে দুর্বৃত্তরা। তাদের উদ্ধারের জন্য কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

















