৪র্থ উপজেলা পরিষদ নির্বাচনে তিন পার্বত্য জেলার ফলাফল: চ্যালেঞ্জের মুখে জাতীয় রাজনীতি

result

 

আওয়ামীলীগ-বিএনপিকে টেক্কা দিয়ে আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ-জেএসএস‘র আধিপত্য বিস্তার

মুজিবুর রহমান ভুইয়া :

পার্বত্য চট্টগ্রামে জাতীয় রাজনীতির স্রোতধারায় পাহাড়ী জনগোষ্ঠির অংশগ্রহণের মাত্রা বেড়েছে বলে জাতীয় রাজনৈতিক দলগুলোর স্থানীয় নেতারা দাবী করলেও দেশের উপজেলা পরিষদ নির্বাচনে পার্বত্য চট্টগ্রামের ফলাফল বিশ্লেষণে ভিন্ন চিত্র ফুটে উঠেছে। সদ্যসমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে পার্বত্য চট্টগ্রামের তিন জেলার ২৫ উপজেলায় প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামীলীগ-বিএনপিকে টেক্কা দিয়ে আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউপিডিএফ-জেএসএস আধিপত্য বিস্তার করেছে। ফলে চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে পাহাড়ে জাতীয় রাজনীতির মুল স্রোতধারা।

ঐতিহাসিক পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষর, তৎকালীন শান্তিবাহিনীর অস্ত্র সমর্পণ, পার্বত্য চুক্তি বিরোধী আন্দোলনসহ নানা কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ খাগড়াছড়ি পার্বত্য জেলায় তিন ধাপে আট উপজেলার নির্বাচনে চারটিতে ইউপিডিএফ, দু‘টিতে বিএনপি, একটিতে আওয়ামীলীগ ও একটিতে জেএসএস (এমএন লারমা) সমর্থিত প্রার্থীরা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছে।

পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের কেন্দ্রবিন্দু পর্যটন নগরী রাঙ্গামাটির ১০ উপজেলার মধ্যে পাঁচটিতে জেএসএস (সন্তু গ্রুপ),  দু‘টিতে বিএনপি, দু‘টিতে আওয়ামীলীগ ও একটিতে জেএসএস (এমএন লারমা),  সমর্থিত প্রার্থীরা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছে।

পার্বত্য চট্টগ্রামের আরেক পর্যটনের রাণী বান্দরবানের ৭ উপজেলার মধ্যে তিনটিতে বিএনপি, তিনটিতে জেএসএস (সন্তু গ্রুপ) একটিতে জামায়াত সমর্থিত প্রার্থীরা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছে।

খাগড়াছড়ি জেলা

রামগড়ে বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী

বাঘা বাঘা প্রার্থীদের হারিয়ে রামগড় উপজেলা পরিষদের নতুন ‘কান্ডারী’ হিসেবে আভির্ভুত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী ও রামগড় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো: শহীদুল ইসলাম ভুইয়া ফরহাদ। মো: শহীদুল ইসলাম ভুইয়া ‘ঘোড়া’ প্রতীক নিয়ে পেয়েছেন ১০ হাজার ৪শ ৫৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী চাইথোয়াই চৌধুরী মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ১শ ২৬ ভোট।

এ উপজেলায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মো: আবদুল কাদের ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী খাদিজা বেগম।

মাটিরাঙ্গায় বিএনপি প্রার্থী নির্বাচিত

মাটিরাঙ্গার দীর্ঘদিনের জনপ্রতিনিধি আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান মো: শামছুল হক‘কে ১ হাজার ৭‘শ ৭৬ ভোটে পরাজিত করে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের কান্ডারী হিসেবে নিজেকে অভিসিক্ত করলেন বিএনপি সমর্থিত প্রার্থী ও মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো: তাজুল ইসলাম তাজু। আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১৬ হাজার ৯‘শ ৪৩ ভোট।  মোটর সাইকেল প্রতীক নিয়ে মো: শামছুল হক পেয়েছেন ১৫ হাজার ১‘শ ৬৭ ভোট।

এ উপজেলায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী মো: দেলোয়ার হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী হাসিনা বেগম।

খাগড়াছড়ি সদরের দখল নিল ইউপিডিএফ

বিএনপি সমর্থিত প্রার্থী কংচাইরী মগ (কংচাইরী মাষ্টার) এর সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ে আওয়ামীলীগকে হটিয়ে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের দখল নিল ইউপিডিএফ। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ সমর্থিত প্রার্থী চঞ্চুমনি চাকমা ১৩ হাজার ৪‘শ ২৪ ভোট চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বিজয়ের খুব কাছাকাছি থেকেও মাত্র ১‘শ ৬২ ভোটে হেরে গেলেন বিএনপি সমর্থিত প্রার্থী কংচাইরী মগ (কংচাইরী মাষ্টার)। তিনি পেয়েছেন ১৩ হাজার ২‘শ ৬২ ভোট।

পানছড়িতে জয়ের ধারা ধরে রাখলেন সর্বোত্তম চাকমা

পানছড়িতে চেয়ারম্যান পদে দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচিত হয়ে নিজের জয়ের ধারা ধরে রাখলেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ সমর্থিত প্রার্থী সর্বোত্তম চাকমা। জনমত জরিপে বিজয়ের কাছাকাছি থাকা বিএনপি সমর্থিত প্রার্থী অনিমেষ চাকমা রিংকু‘কে পরাজিত করে তিনি নিজের বিজয় নিশ্চিত করেছেন। তিনি পেয়েছেন ১০ হাজার ৭‘শ ৯৮ ভোট।

ভাইস-চেয়ারম্যান পদে ৬ হাজার ৩‘শ ৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মো: লোকমান হোসেন। আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১১ হাজার ৫‘শ ৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন রত্মা তঞ্চজ্ঞা।

মহালছড়িতে ইউপিডিএফকে হটালেন জেএসএস’র বিমল কান্তি চাকমা

মহালছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ সমর্থিত প্রার্থী বর্তমান চেয়ারম্যান সোনা রতন চাকমাকে হারিয়ে মহালছড়িতে নিজের নেতৃত্ব প্রতিষ্ঠা করলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) সমর্থিত প্রার্থী বিমল কান্তি চাকমা। এ নির্বাচনে বিমল কান্তি চাকমা পেয়েছেন ৮ হাজার ৮‘শ ৯৯ ভোট। আর ৪ হাজার ৩‘শ ৮৩ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিলেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী নিলোৎপল খীসা।

মহালছড়িতে ভাইস চেয়ারম্যান পদে ৭ হাজার ১‘শ ১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) সমর্থিত প্রার্থী ক্যাচিংমিং চৌধুরী। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ হাজার ৩‘শ ৩৭ ভোট পেয়ে দ্বিতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন ইউপিডিএফ সমর্থিত প্রার্থী কাকলী খীসা।  

মানিকছড়িতে আওয়ামীলীগের মান রাখলেন ম্রাগ্য মারমা

মানিকছড়িতে আওয়ামীলীগের মান রাখলেন ম্্রাগ্য মারমা। বিএনপি থেকে বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী এসএম রবিউল ফারুককে হারিয়ে তিনি নিজের বিজয় নিশ্চিত করেছেন। মানিকছড়িতে বিএনপির বিরোধকে কাজে লাগিয়ে ম্্রাগ্য মারমা পেয়েছেন ১১ হাজার ৫‘শ ২১ ভোট। ৮ হাজার ৩‘শ ৭৬ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিলেন এস.এম রবিউল ইসলাম ফারুক ।  

মানিকছড়িতে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মো: তাজুল ইসলাম বাবুল বিএনপি সমর্থিত প্রার্থীকে হারিয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বিএনপি সমর্থি প্রার্থী মিসেস রাহেলা বেগম মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

লক্ষীছড়িতে বিজয়ী ইউপিডিএফ

খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলা পরিষদের নির্বাচনে নিজেদের জয় নিশ্চিত করেছে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ। ইউপিডিএফ সমর্থিত প্রার্থী সুপার জ্যোতি চাকমা বিশাল ভোটের ব্যবাধানে ক্ষমতাসীন দলের প্রার্থীকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সুপার জ্যোতি চাকমা পেয়েছেন ৪ হাজার ৩‘শ ৭০ ভোট। এ নির্বাচনে ২ হাজার ৯‘শ ৪৬ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী সাইথোয়াই অং মারমা।

এ উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী রতন বিকাশ চাকমাকে হারিয়ে বিএনপি সমর্থীত প্রার্থী অংগ্য প্রু মার্মা ৫ হাজার ২৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ইউপিডিএফ সমর্থীত প্রার্থী বেবি রানী বসু ৫হাজার ১’শ ৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

দীঘিনালায় জয় পেল ইউপিডিএফ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা পরিষদের নির্বাচনে বিজয় লাভের মাধ্যমে ইউপিডিএফ জাতীয় সংসদ নির্বাচনে পরাজয়ের শোধ নেয়ার পাশাপাশি খাগড়াছড়ি আট উপজেলার মধ্যে চারটিতে নিজেদের জয় নিশ্চিত করলো। দীঘিনালায় চুক্তিবিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ সমর্থিত প্রার্থী নবোকমল চাকমা ১২ হাজার ৮’শ ১২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী হাজী মো: আবুল কাশেম  পেয়েছেন ১০ হাজার ৪’শ ৫৩ ভোট।  

ইউপিডিএফ সমর্থিত প্রার্থী সুসময় চাকমা ১৬ হাজার ৮’শ ৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-জেএসএস (এমএন লারমা) সমর্থিত প্রার্থী গোপাদেবী চাকমা ১৭ হাজার ৩’শ ৬০ ভোট পেয়ে নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

রাঙ্গামাটি

রাঙ্গমাটি সদরে বিজয়ী জেএসএস’র অরুণ কান্তি চাকমা

ক্ষমতাসীন আওয়ামীলীগ ও বিএনপির দুই বাঘা প্রার্থীকে টেক্কা দিয়ে রাঙ্গামাটি সদর উপজেলায় বিজয়ী হয়েছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি‘র (জেএসএস) সমর্থিত প্রার্থী অরুন কান্তি চাকমা। তিনি পেয়েছেন ২২ হাজার ১‘শ ৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি বিএনপি‘র মাহবুবুল বাসেত অপু পেয়েছেন ১২ হাজার ৩‘শ ৯৭ ভোট। আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী জাকির হোসাইন সেলিম ৭ হাজার ৫‘শ ৫৩ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।

রাঙ্গামাটি সদর উপজেলায় ১৯ হাজার ৯৫ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সমর্থিত প্রার্থী পলাশ কুসুম চাকমা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২২ হাাজর ৫‘শ ৫৫ ভোট পেয়ে বিজয়ী  হয়েছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সমর্থিত প্রার্থী রিতা চাকমা।

বাঘাইছড়িতে জেএসএস‘র বড়ঋষি চাকমা জয়ী

রাঙ্গামাটির সহিংস উপজেলা হিসেবে পরিচিত বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (সন্তু গ্রুপ) সমর্থিত প্রার্থী বড় ঋষি চাকমা ১৯ হাজার ২‘শ৭১ ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) সমর্থিত প্রার্থী দীপ্তিমান চাকমা ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (সন্তু গ্রুপ) সমর্থিত প্রার্থী সুমিতা চাকামা নারী ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

বরকল উপজেলার মনি চাকমা নির্বাচিত

রাঙ্গামাটির বরকল উপজেলায় জনসংহতি সমিতি (জেএসএস, সন্তু লারমা) সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মনি চাকমা (হেলিকপ্টার) নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৯ হাজার ২৮১ ভোট। ভাইস চেয়ারম্যান পদে জনসংহতি সমিতি (জেএসএস, সন্তু লারমা)  সমর্থিত প্রার্থী বিধান চাকমা ও একই সংগঠনের শকুন্তলা চাকমা মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

কাউখালী উপজেলায় আ’লীগ সমর্থিত প্রার্থী জয়ী

রাঙ্গামাটির কাউখালী উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এস এম চৌধুরী ১৩ হাজার ৫‘শ ৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী অর্জুন মনি চাকমা ১১ হাজার ৫‘শ ৮ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন।

এ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ইউপিডিএফ সমর্থিত প্রার্থী মংসুউ চৌধুরী বিএনপি সমর্থিত প্রার্থী জসিম উদ্দিন খোকনকে হারিয়ে ১১ হাজার ৯‘শ ৫০ ভোট পেয়ে নির্বাচিত হন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ হাজার ৯‘শ ২১ ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী এ্যানি চাকমা।

জুরাছড়িতে জনসংহতি সমিতি‘র উদয় জয় জয়ী

বিএনপি-আওয়ামীলীগের প্রার্থী বিহীন রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলা নির্বাচনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (সন্তু লারমা) সমর্থিত প্রার্থী উদয় জয় চাকমা ৬ হাজার ২‘শ ৫১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (সন্তু লারমা) সমর্থিত প্রার্থী রিটন চাকমা ৬ হাজার ২‘শ ৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (সন্তু লারমা) সমর্থিত প্রার্থী শেফালী দেওয়ান ৬ হাজার ৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

লংগদুতে বিএনপির তোফাজ্জল নির্বাচিত

রাঙ্গামাটির লংগদু উপজেলা পরিষদ নির্বাচনে সামান্য ভোটের ব্যাবধানে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীকে হারিয়ে বিএনপি সমর্থিত প্রার্থী তোফাজ্জল হোসেন ৯ হাজার ৬‘শ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত প্রার্থী মো: নাছির উদ্দিন ১৩ হাজার ১‘শ ৮৭ ভোট পেয়ে নির্বাচিত হন। অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মিসেস নুর জাহান বেগম নির্বাচিত হন।

বিলাইছড়ির দখল নিল জেএসএস‘র শুভ মঙ্গল

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) সমর্থিত প্রার্থী শুভ মঙ্গল চাকমা চেয়ারম্যান নির্বাচিত হয়ে রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলা পরিষদের দখল নিল। নির্বাচনে তিনি ৫ হাজার ৫‘শ ৩ ভোট পেয়েছেন। বিলাইছড়িতে শাসকদল আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী জয়সেন তঞ্চঙ্গ্যা ৩ হাজার ২‘শ ৮৯ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন।

বিলাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) সমর্থিত প্রার্থী অমৃত সেন তঞ্চঙ্গ্যা ৪ হাজার ৮‘শ ২৮ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান ও  একই সংগঠনের ম্যামা চাকমা ৪ হাজার ৩‘শ ৩ ভোটে পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

রাজস্থলীতে আওয়ামীলীগের উথিন সিন মারমা নির্বাচিত

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী উথিন সিন মারমা ৪ হাজার ১‘শ ৫৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ৩ হাজার ৬‘শ ১৭ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্ধি হয়েছেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সমর্থিত প্রার্থী পি এল খই মারমা। এ নির্বাচনে বিএনপি সমর্থিথ প্রার্থী বিএনপির থোয়াই সুই খই মারমা পেয়েছেন ২ হাজার ৮‘শ ৫১ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগের সমর্থিত প্রার্থী অংনুচিং মারমা ৩ হাজার ৯‘শ ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।  মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেএসএস (সন্তু) সমর্থিত ক্রয়সুইউ মারমা ২ হাজার ৭‘শ ৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

কাপ্তাই জয় করলো বিএনপি‘র দিলদার হোসেন

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী দিলদার হোসেন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে জেএসএস (সন্তু গ্রুপ) সমর্থিত প্রার্থী সুব্রত তঞ্চঙ্গা এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত মিসেস নুর নাহার বেগম নির্বাচিত হয়েছেন।

নানিয়ারচর উপজেলা পরিষদ নির্বাচনে জনসংহতি

রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা পরিষদ নির্বাচনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) সমর্থিত প্রার্থী এ্যাড. কক্তিমান চাকমা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ সমর্থিত প্রার্থী  রণ বিকাশ চাকমা ও একই সংগঠনের কোয়ালিটি চাকমা মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

বান্দরবান

আলীকদম উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী

বান্দরবানের আলীকদম উপজেলায় আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মো: জামাল উদ্দিনকে হারিয়ে বিএনপি সমর্থিত প্রার্থী মো: আবুল কালাম ৮ হাজার ৫‘শ ২৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জামাল উদ্দিন কাপ-পিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৯‘শ ৭১ ভোট।

৩ হাজার ৮‘শ ৩৫ ভোট পেয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) প্রার্থী কাইনপ্রু ম্্েরা ভাইস চেয়ারম্যান ও ৪ হাজার ৯৫ ভোট পেয়ে বিএনপি সমর্থিত শিরিনা আক্তার নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বান্দরবান সদর উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী

বান্দরবান সদর উপজেলায় আঞ্চলিক রাজনৈতিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) প্রার্থী উইন মং জলি মারমা কে হারিয়ে বিএনপি সমর্থিত প্রার্থী মো: আব্দুল কুদ্দুছ ১১ হাজার ১‘শ ৯১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। জেএসএস প্রার্থী উইন মং জলি মারমা পেয়েছেন ৯ হাজার ১‘শ ৩১ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে ১৫ হাজার ৫‘শ ২৪ ভোট পেয়ে আওয়ামীলীগের জামাল চৌধুরী, নারী ভাইস চেয়ারম্যান পদে ১৫ হাজার ৭‘শ ৭৬ ভোট পেয়ে জেএসএস‘র ওয়াইচিং মারমা জয়ী হয়েছেন।

নাইক্ষ্যংছড়িতে জামাতের তোফাইল নির্বাচিত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় কারাবন্দি জামায়াত সমর্থিত প্রার্থী  তোফাইল আহম্মদ ১৩ হাজার ১‘শ ৮২ ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আওয়ামীলীগ‘র নেতৃত্বাধীন ১৪ দল সমর্থিত প্রার্থী মো: শফি উল্লাহ  ৯ হাজার ৬৫ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। রামু সহিংসতায় জড়িত থাকার দায়ে কারান্তরীন রয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত মোহাম্মদ কামাল উদ্দিন প্রতিদ্বন্ধি আওয়ামীলীগ প্রার্থীকে হারিয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে হামিদা চৌধুরী আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী অজিফা খাতুন রুবিকে হারিয়ে নির্বাচিত হয়েছেন।

লামা উপজেলা চেয়ারম্যান বিএনপি‘র থোয়াইনু চৌধুরী

বান্দরবানের লামা উপজেলা পরিষদে বিএনপি সমর্থিত প্রার্থী থোয়াইনু অং চৌধুরী ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বিএনপি সমর্থিত প্রার্থী মো: আবু তাহের ভাইস চেয়ারম্যান এবং  বিএনপি সমর্থিত প্রার্থী শারাবান তহুরা নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

রোয়াংছড়িতে জেএসএস প্রার্থী বিজয়ী

রোয়াংছড়ি উপজেলায় আঞ্চলিক রাজনৈতিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) প্রার্থী ক্যবামং মারমা  ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বিএনপি সমর্থিত প্রার্থী ক্যসাইনু মারমা ভাইস চেয়ারম্যান এবং বিএনপি সমর্থিত প্রার্থী মাউসাং মারমা নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

রুমা‘র কান্ডারী জেএসএস‘র অংথোইচিং মারমা

বান্দরবানের রুমা উপজেলা নির্বাচনে আঞ্চলিক রাজনৈতিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) প্রার্থী অংথোইচিং মারমা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বিএনপি সমর্থিত প্রার্থী জিংসমলিয়ান বম ভাইস চেয়ারম্যান ও আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী জিংএংময় বম মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

থানছি‘র দখল নিল জেএসএস

থানছি উপজেলা পরিষদ নির্বাচনে আঞ্চলিক রাজনৈতিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) প্রার্থী ক্যহ্লাচিং মারমা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) প্রার্থী চসাথোয়াই মার্মা ভাইস চেয়ারম্যান এবং  বিএনপি সমর্থিত প্রার্থী বকুলী মারমা নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন