যুদ্ধবিরতির বাকি সময়টুকু হরমুজ প্রণালি ‘উন্মুক্ত’ রাখার ঘোষণা ইরানের


ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ঘোষণা দিয়েছেন যে, চলমান যুদ্ধবিরতির অবশিষ্ট সময়ের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ‘সম্পূর্ণ উন্মুক্ত থাকবে’।
শুক্রবার (১৭ এপ্রিল) বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে মি. আরাঘচি বলেন, “লেবাননে কার্যকর হওয়া যুদ্ধবিরতির সঙ্গে সংগতি রেখে হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা করা হয়েছে।”
“ইরানের বন্দর ও সমুদ্র বিষয়ক সংস্থা কর্তৃক পূর্বঘোষিত সমন্বিত রুট অনুযায়ী এই চলাচল অব্যাহত থাকবে,” জানান তিনি।
২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা শুরু হলে এর প্রতিক্রিয়ায় বিশ্বের অন্যতম ব্যস্ত এই তেল পরিবহন পথটি কার্যকরভাবে বন্ধ করে দিয়েছিল ইরান। চলতি সপ্তাহের শুরুর দিকে হরমুজ প্রণালিতে নৌ-অবরোধ শুরুর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রও।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বর্তমানে দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি চলছে, যার মেয়াদ আগামী ২২শে এপ্রিল শেষ হওয়ার কথা রয়েছে।

















