উন্নয়নের মাধ্যমে পাহাড়ের ৭ পৌরসভার চিত্র পাল্টে যাবে : পার্বত্যমন্ত্রী


পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহদুর উশৈসিং এমপি বলেছেন- চলমান কাজের পাশাপাশি তিন পার্বত্য জেলার ৭টি পৌরসভার জন্য স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ থেকে নতুন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে বান্দরবানে দুই, রাঙ্গামাটি দুই এবং খাগড়াছড়ি জেলার ৩টি পৌর এলাকার চিত্র পাল্টে যাবে।
বুধবার (২৮ অক্টোবর) বান্দরবান পৌর এলাকায় প্রায় ৩০ কোটি ৪৭ লক্ষ টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে পার্বত্যমন্ত্রী এই কথা বলেন।
বান্দরবান পৌরসভার পৃথক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্যমন্ত্রী আরো বলেন- বর্ষা মৌসুমে রাস্তাঘাটের কিছু ক্ষতি হয়। তবে উন্নয়ন কাজ বাস্তবায়নের সময় কোন ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না। ঠিকাদার যে হোক কাজ বুঝে নেয়ার দায়িত্ব এলাকার সচেতন জনগণের।
করোনাকালীন সময়ে এলাকার মানুষের পাশে থেকে পরিশ্রম ও দক্ষতার পরিচয় দেওয়ায় মেয়র-কমিশনারদের ধন্যবাদ জানান তিনি।
পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী জানান- ইউজিআইআইপি’র অর্থায়নে মোট ৪৫টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে পৌরসভার ৯টি ওয়ার্ডে। প্রকল্পের মধ্যে রয়েছে- পাকা সড়ক, আরসিসি ড্রেন, আরসিসি সিঁড়ি, আরসিসি রি-টেইনিং ওয়াল ও আরসিসি বক্স কালভার্ট উন্নয়ন।
উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার আসাদ্দুজ্জামান, পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, পৌর নির্বাহী প্রকৌশলী মংসুই খই মার্মা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোঃ ইয়াছির আরাফাত, পৌর আওয়ামী লীগ সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক মোঃ শামসুল ইসলাম, পৌর সচিব মোঃ তৌহিদুর ইসলাম, প্যানেল মেয়র দীলিপ বড়ুয়া, পৌর কাউন্সিলর অজিত কান্তি দাশ, সৌরভ দাশ শেখর, আবুল খায়ের আবুসহ প্রমুখ।

















