রামুতে পালিয়ে রক্ষা পেলেন ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি
রামু সংবাদদাতা :
ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি তাজুল ইসলাম রানা অপহরণকারীদের মাইক্রোবাস থেকে পালিয়ে রক্ষা পেয়েছেন। নাইক্ষ্যংছড়ি থেকে পালিয়ে সিএনজি যোগে তিনি নিজেই রামু থানায় এসে আশ্রয় নেন। তাজুল ইসলামের বরাত দিয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইকুল আহমেদ জানিয়েছেন, তিন-চার দিন আগে একদল দুর্বৃত্ত রানাকে ময়মনসিংহ থেকে অপহরণ করে নাইক্ষ্যংছড়ির গহীন জঙ্গলে নিয়ে আসে। শুক্রবার গভীর রাতে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী ও বিজিবির মধ্যে ব্যাপক গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে আতংকিত হয়ে পড়ে অপহরণকারীরা।
শনিবার ভোরের দিকে রানা কৌশলে অপহরণকারীদের মাইক্রোবাস থেকে পালিয়ে যান। সেখান থেকে একটি সিএনজি নিয়ে চলে আসেন রামু থানায়। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইকুল আহমেদ আরও জানান, রানার বিষয়টি নিয়ে ময়মনসিংহ থানায় তার পরিবার একটি সাধারণ ডায়েরি করেন। রানা উদ্ধারের বিষয়টি তার পরিবার ও ময়মনসিংহ থানাকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।



















