তিন পার্বত্য জেলায় মেধাবৃত্তি দ্বিগুণ করার পরিকল্পনা নেয়া হয়েছে- বীর বাহাদুর এমপি

নিজস্ব প্রতিবেদক:
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি বলেছেন, পার্বত্য এলাকায় শিক্ষার হার বৃদ্ধি ও গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড তিন পার্বত্য জেলায় ছাত্র-ছাত্রীদের শিক্ষার মানোন্নয়নে মেধা বৃত্তি দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে।
শুক্রবার বান্দরবান উন্নয়ন বোর্ড কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত শিক্ষা বৃত্তি প্রদান অুনষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এই সিন্ধান্তের কথা জানান।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বান্দরবানের জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম, পুলিশ সুপার দেবদাশ ভট্টাচার্য, সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তাহের ভুইয়া, মহিলা কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার বড়ুয়া, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল আজিজ প্রমুখ। এছাড়া বান্দরবানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র- ছাত্রী অভিভাবক ও উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান বলেন, পার্বত্য এলাকার অনগ্রসর এলাকা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠির গরিব মেধাবী ছাত্র ছাত্রীদের বৃত্তি প্রদান করা হচ্ছে। আগামী বছর বৃত্তির টাকা ও ছাত্র ছাত্রীদের সংখ্যা বাড়ানোর পাশাপশি পার্বত্য জেলার সেরা মেধাবী ছাত্র ছাত্রীদের বৃত্তি প্রদান করা হবে বোর্ড থেকে। এই শিক্ষা বৃত্তি পার্বত্য চট্টগ্রামে শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে তিনি জানান।
অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি ছাত্র-ছাত্রীদের মাঝে মেধা বৃত্তির টাকা প্রদান করেন। এবার তিন পার্বত্য জেলার ৮১১ জন গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে ২৪ লাখ ৭৩ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। প্রতি বছর উন্নয়ন বোর্ড তিন পার্বত্য জেলার প্রায় সাড়ে আটশ গরিব মেধাবী ছাত্রছাত্রীদের ২৫ লাখ টাকা শিক্ষা বৃত্তি দিয়ে থাকে। এর মধ্যে কলেজে অধ্যয়নরত প্রত্যেক শিক্ষার্থীকে দেয়া হয়েছে ২৪শ টাকা ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র ছাত্রীদের দেয়া হয়েছে ৩৬শ টাকা করে।


















