থানচিতে যৌথবাহিনীর অভিযানে দুই অস্ত্র ব্যবসায়ী আটক


বান্দরবানের থানচি উপজেলার মায়ানমার সীমান্ত এলাকা থেকে যৌথবাহিনীর অভিযানে দুইজন অস্ত্র ব্যবসায়ীকে আটক করে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ থানায় সোপর্দ করা হয়েছে।
রবিবার, (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে আটককৃত দুই অস্ত্র ব্যবসায়ীকে থানচি থানায় হস্তান্তর করা হয়।
আটককৃতরা হলেন ছোট মদক খ্যাইসাপ্রু পাড়া এলাকার বাসিন্দা ওয়েবার ত্রিপুরা (৩৯) এবং লিটক্রে পাড়া এলাকার রুইহং ম্রো (৬০)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩০ রাউন্ড অ্যামুনিশন, ১টি গ্রেনেড, ১টি ম্যাগাজিন, ১টি দেশীয় পিস্তল, ১টি মর্টারের গোলার বক্স, ২টি গাদা বন্দুক, ২টি মোবাইল ফোন এবং কৃষি ব্যাংকের একটি চেক বই।
যৌথবাহিনী নিজস্ব সোর্স ও গোপন সংবাদের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বলিপাড়া ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম (জি) ও উপ-অধিনায়ক এডি মো. জাকির হোসেন-এর নেতৃত্বে সেনাবাহিনীর সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করে মায়ানমার সীমান্তবর্তী বড় মদক এলাকায় গত শুক্রবার ও শনিবার দুই দিনব্যাপী অভিযান পরিচালনা করেন। এ সময় ওই দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়।
বলিপাড়া জোনের উপ-অধিনায়ক এডি মো. জাকির হোসেন বলেন, পার্বত্য অঞ্চলে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী আপোষহীনভাবে দায়িত্ব পালন করছে। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার স্বার্থে এই অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার বলেন, মায়ানমার সীমান্তে অবৈধ অস্ত্র চোরাচালান ও পাচার বর্তমানে বেড়েছে। যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত দুইজন ছাড়াও আরও অনেকে এই চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে। বর্তমানে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

















