দুই দশক পর আজ সিলেট যাচ্ছেন তারেক রহমান


২০ বছর পর আজ বুধবার (২১ জানুয়ারি) সিলেট সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলীয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর ঢাকার বাইরে এটিই তার প্রথম নির্বাচনি জনসভা। এই সফরকে কেন্দ্র করে ঐতিহ্য অনুসরণ করে সিলেট থেকেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর বনানীর চেয়ারম্যানবাড়ি মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় তারেক রহমান নিজেই এ তথ্য জানান।
সভায় তিনি বলেছেন, “বুধবার (আজ) আমি সিলেট চলে যাবো। ইনশাআল্লাহ, পরশুদিন সিলেট থেকে অফিসিয়ালি আমরা আমাদের নির্বাচনী প্রচারণার কাজ শুরু করবো। কালকে বিকেলে আমি প্লেনে যাবো, আমি এবং আমার স্ত্রী ডা. জুবাইদা রহমান।”
নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার আগে তিনি পুণ্যভূমি সিলেটের হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।

















