কিছু বিপথগামী তরুণের কারণে বম জনগোষ্ঠী সংকটে : লালজার বম

fec-image

কিছু বিপথগামী তরুণের কর্মকাণ্ডের কারণে বম জনগোষ্ঠী সাম্প্রতিক সময়ে নানা সংকটে পড়েছে বলে মন্তব্য করেছেন বম সোশ্যাল কাউন্সিলের (বিএসসি) সভাপতি লালজার লম বম। তিনি বলেন, বান্দরবানে বম সম্প্রদায়ের আর কোনো পরিবারকে উচ্ছেদের শিকার হতে দেওয়া যাবে না। সত্যকে সামনে রেখে বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে সবাইকে টিকে থাকার লড়াই চালিয়ে যেতে হবে।

শনিবার (১২ মার্চ) জেলা শহরতলির হেব্রনপাড়া প্রতিষ্ঠার ৪০তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। লালজার লম বম বর্তমানে জেলা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সভায় সাম্প্রতিক বছরগুলোতে বম সম্প্রদায়ের উচ্ছেদ, গ্রেপ্তারসহ বিভিন্ন সংকটের বিষয় উঠে আসে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই। সভাপতিত্ব করেন পাড়ার কারবারি লাল লিয়ানজল বম। অন্যদের মধ্যে বক্তব্য দেন রেভারেন্ড জার্মান সাইলুক, সাংমুয়ান বম, পাকসিম বম ও কে রেমা পাংখোয়া।

হেব্রনপাড়া ব্যবস্থাপনা কমিটির সভাপতি লালরিং সাং বম পাড়াটির প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে জানান, ১৯৮০ সালে আঞ্চলিক অস্থিরতার কারণে রোয়াংছড়ি উপজেলার চোয়াবিলপাড়া ও উইপোমপাড়া থেকে মাত্র দুই দিনের নোটিশে ৬৪টি পরিবার উচ্ছেদ হয়। পরে নানা দুর্ভোগ পেরিয়ে ১৯৮৬ সালে তারা হেব্রনপাড়ায় বসতি গড়ে তোলে। শুরুতে জ্বালানি কাঠ বিক্রি ও দিনমজুরির মাধ্যমে জীবনযাপন করলেও বর্তমানে অধিকাংশ পরিবার স্বাবলম্বী হয়েছে।

তিনি জানান, পাড়ার তরুণ-তরুণীদের প্রায় ৬০ শতাংশ উচ্চশিক্ষিত এবং প্রায় ১৪ শতাংশ পরিবারে সরকারি-বেসরকারি চাকরিজীবী রয়েছে।

লালজার লম বম বলেন, ২০২২ সাল থেকে কিছু বিপথগামী যুবকের কারণে বম সমাজ মারাত্মক সংকটে পড়েছে। অতীতে অনেকেই সত্য গোপন করে তাদের প্রশ্রয় দিয়েছে। তবে এখন সময় বদলেছে সত্য গোপন না রেখে খোলামেলাভাবে কাজ করতে হবে। বম সোশ্যাল কাউন্সিল প্রত্যেক পাড়ায় গিয়ে কাজ করবে এবং কোনো বম পরিবারকে আর উচ্ছেদের মুখে পড়তে দেওয়া হবে না।

উৎস প্রথম আলো অনলাইন (১৪ মার্চ ২০২৬)

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পার্বত্য চট্টগ্রাম, বম জনগোষ্ঠী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন