হজ ব্যবস্থাপনা সাশ্রয়ী করা সরকারের লক্ষ্য : মাহদী আমিন

fec-image

হজ ব্যবস্থাপনাকে সাশ্রয়ী ও সহজলভ্য করা সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

সোমবার রাজধানীর পল্টনের ফার্জ হোটেল অ্যান্ড রিসোর্টে প্রথমবারের মতো বাংলাদেশে হজ যাত্রীদের নুসুক কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্র রশিদুজ্জামান মিল্লাত, সংসদ সদস্য শামীম কায়সার লিংকন এসময় উপস্থিত ছিলেন।

মাহদী আমিন বলেন, বাংলাদেশের বেসরকারি হজ ব্যবস্থাপনায় প্রথমবারের মতো আজ আমাদের হাজি সাহেবরা দেশ থেকে প্রি-অ্যারাইভালের ভিসা পেতে যাচ্ছেন।

এটি আমাদের হজ ব্যবস্থাপনা আধুনিক এবং সহজ করার জন্য একটি বড় স্টেপ ফরোয়ার্ড। এ বছর সরকারি উদ্যোগে এবং বিভিন্ন এজেন্সির সমন্বিত প্রচেষ্টায় নিবন্ধন থেকে শুরু করে ভিসা প্রসেসিং, সব কাজই মোটামুটিভাবে সময়মত শেষ হচ্ছে এবং এজন্য আমরা সরকারের পক্ষ থেকে সকল এজেন্সি এবং স্টেকহোল্ডার হিসেবে যারা আছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

তিনি বলেন, আমি বিশ্বাস করি এই ধরনের আন্তর্জাতিক অংশীদারিত্ব ভবিষ্যতেও আমাদের হাজীদের জন্য সেই সেবা, সেই মানকে আরও উন্নত করবে। এজন্য প্রতিটি হজ এজেন্সির যেমন ভূমিকা রয়েছে, ঠিক একইভাবে আমরা যারা গণতন্ত্রের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব এসেছি, আমাদের সরকারের দিক থেকে সর্বোচ্চ আন্তরিকতা এবং দায়বদ্ধতা দিয়ে আমরা ইনশাল্লাহ হাজিদের পাশে থাকব।

মাহদী আমিন বলেন, আমাদের লক্ষ্য শুধু হজ ব্যবস্থাপনাকে পরিচালনা করাই নয়, যেন সত্যি একটা স্মার্ট, সুশাসিত এবং সার্ভিস ওরিয়েন্টেড সিস্টেম তৈরি করতে পারি। এই সিস্টেমের বাই প্রোডাক্ট হিসেবে সেই ইকোসিস্টেম আমরা পাবো, যেখানে হাজিরা সুন্দর পরিবেশে তাদের হজ পালন করে আসতে পারবেন এবং হাজিদের সঙ্গে সম্পৃক্ত যারা স্টেকহোল্ডার রয়েছেন, প্রত্যেকে যার যার দায়িত্ব পালন করবেন, সেটি আমাদের সরকারের মূল লক্ষ্য।

তিনি বলেন, আমাদের সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হলো হজকে সাশ্রয়ী, সহজলভ্য এবং প্রবাসীবান্ধব হিসেবে গড়ে তোলা। ধর্মপ্রাণ নাগরিকদের জন্য এই হজ সেবা যেন আমরা সহজ করতে পারি। ইসলামী মূল্যবোধকে ধারণ করে যেন আমরা সেটাকে কার্যকর করতে পারি সেটি আমাদের অন্যতম লক্ষ্য। বিশেষ করে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে হজের খরচ আমরা কীভাবে কমিয়ে আনতে পারব, সাধারণ মানুষের আরও কীভাবে হাতের নাগালে নিয়ে আসবো সেটি আমাদের অগ্রাধিকার তালিকায় প্রাধান্য পাচ্ছে। আমরা বিশ্বাস করি সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের হজ ব্যবস্থাপনাকে আরও আধুনিক এবং আন্তর্জাতিক মানের করা সম্ভব হবে ইনশাআল্লাহ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: মাহদী আমিন, হজ ব্যবস্থাপনা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন