মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি অতিক্রম করেছে ৪ জাহাজ


মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ উপেক্ষা করে ইরান-সংশ্লিষ্ট চারটি কনটেইনারবাহী জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে বলে জানিয়েছে বিবিসি।
শুক্রবার (১৭ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে জাহাজ ট্র্যাকিং ডেটার বরাতে বলা হয়, পর্যবেক্ষণে থাকা চারটি জাহাজের মধ্যে তিনটি ইরানের পতাকাবাহী এবং একটি কোমোরোসে নিবন্ধিত।
প্রতিবেদন অনুযায়ী, ব্রিটিশ সময় সোমবার বিকেল ৩টা থেকে অবরোধ কার্যকর হওয়ার পর জাহাজগুলো প্রণালিটি অতিক্রম করে। জাহাজগুলো হলো—
‘আজারগুন’— ইরানের শহীদ রাজাই বন্দর থেকে যাত্রা করে প্রায় বিকাল ৪টার দিকে অবরোধ অতিক্রম করে এবং বর্তমানে ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলের কাণ্ডলা বন্দরের দিকে গেছে বলে ধারণা করা হচ্ছে।
‘আশকান ৩’— ইরানের পূর্বাঞ্চলীয় চাবাহার বন্দর থেকে দুপুর ১২টার কিছু পর রওনা হয়ে বর্তমানে পাকিস্তানের করাচিতে অবস্থান করছে বলে দেখাচ্ছে।
‘শাবদিস’— এটিও চাবাহার থেকে যাত্রা করে রাত প্রায় ৯টার দিকে অবরোধ অতিক্রম করে এবং বর্তমানে ভারতের দক্ষিণ-পশ্চিম উপকূল, কেরালার কাছে অবস্থান করছে বলে তথ্য দিচ্ছে। এর গন্তব্য চীনের ঝুহাই শহর।
‘টাভা ৪’— ইরানের বন্দর ইমাম খোমেনি থেকে যাত্রা করে দুপুর ১টার দিকে অবরোধ রেখা অতিক্রম করে এবং বর্তমানে ভারতের পশ্চিম উপকূলের কাছে অবস্থান করছে। এটি মুম্বাইয়ের নিকটবর্তী জওহরলাল নেহরু বন্দরের দিকে যাচ্ছে বলে জানিয়েছে।
তবে এই তথ্য জাহাজগুলোর নিজস্ব ট্র্যাকিং ডেটার ওপর ভিত্তি করে তৈরি। বিশেষজ্ঞদের মতে, অনেক সময় জাহাজ ট্র্যাকার বন্ধ রাখা বা ভুয়া অবস্থান প্রদর্শনের (স্পুফিং) মাধ্যমে প্রকৃত অবস্থান গোপন করা হয়।
এদিকে এক সংবাদ সম্মেলনে জেনারেল ড্যান কেইন জানান, যুক্তরাষ্ট্র এখনো অবরোধ কার্যকর রেখেছে। জাহাজগুলো কখন প্রণালি অতিক্রম করেছে— এ বিষয়ে জানতে চাইলে মার্কিন সেন্ট্রাল কমান্ড নতুন কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
এর আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী তাদের মোট শক্তির ১০ শতাংশেরও কম ব্যবহার করেই হরমুজ প্রণালির জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করছে।
তবে জাহাজ ট্র্যাকিং ডেটার এই বিশ্লেষণ যুক্তরাষ্ট্রের ওই দাবিকে প্রশ্নবিদ্ধ করেছে।

















