হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল সম্পূর্ণ বন্ধের ঘোষণা ইরানের


হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল পুরোপুরি বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, ইরানের বন্দর ও জাহাজের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নৌপথে কোনো জাহাজ চলতে দেওয়া হবে না।
এর আগে নির্দিষ্ট করিডোর ব্যবহার করে এবং ইরানি কর্তৃপক্ষের অনুমতি ও ফি প্রদান সাপেক্ষে সীমিত আকারে জাহাজ চলাচলের সুযোগ ছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী সেই ব্যবস্থাও বাতিল করা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে আইআরজিসি জানায়, এই নিষেধাজ্ঞা অমান্য করলে সংশ্লিষ্ট জাহাজকে লক্ষ্যবস্তু করা হতে পারে। নৌবাহিনী শাখা এ বিষয়ে কঠোর সতর্কবার্তাও দিয়েছে।
তেহরানের দাবি, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চলমান নিষেধাজ্ঞা দুই দেশের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন।
সূত্র: মিডল ইস্ট আই
















