টেকনাফ সীমান্তে বিজিবিকে লক্ষ্য করে গুলি, ৩ পাচারকারী আটক

fec-image

কক্সবাজারের টেকনাফ সীমান্তে পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ জন পাচারকারীকে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। এসব অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

​বিজিবি সূত্রে জানা গেছে, গত ১৮ এপ্রিল রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা বিওপি’র একটি বিশেষ টহল দল চৌধুরীপাড়া বিজিবি পোস্ট এলাকায় অবস্থান নেয়।

পাচারকারীরা নাফ নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি তাদের চ্যালেঞ্জ করলে লবণ ক্ষেতে লুকিয়ে থাকা সহযোগীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে ধাওয়া করে নাফ নদীর তীর থেকে টেকনাফের রাসুলাবাদ এলাকার মৃত জোফর আলমের ছেলে মো. তোফায়েল (২১) এবং উলুচামারী এলাকার রুস্তম আলীর ছেলে মো. ইউনুসকে (৩৩) আটক করা হয়। তাদের তল্লাশি করে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

​এর আগে সন্ধ্যা আনুমানিক ৭টা ৫০ মিনিটে হোয়াইক্যং বিওপি’র অন্য একটি টহল দল ক্যারেঙ্গাঘোনা এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ মো. সিফাত (২০) নামে এক যুবককে আটক করে। আটক সিফাত হোয়াইক্যং ক্যারেঙ্গাঘোনা এলাকার মৃত আলী আকবরের ছেলে।

​উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জানিয়েছে, আটককৃত আসামিদের উদ্ধারকৃত ইয়াবাসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত পাহারার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর অবস্থান ও গোয়েন্দা নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

​উল্লেখ্য, গত ১১ এপ্রিল আধুনিক প্রযুক্তির সহায়তায় হ্নীলা এলাকা থেকেই বিজিবি এযাবৎকালের সর্বোচ্চ ৮ লাখ ৫৯ হাজার ৪০০ পিস ইয়াবার একটি বড় চালান জব্দ করতে সক্ষম হয়েছিল।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: টেকনাফ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন