রামুতে মিশুক গাড়ি চালককে হত্যার ঘটনায় জড়িত ৩ যুবক আটক

fec-image

কক্সবাজারের রামু উপজেলার রাবার বাগানের গহীন পাহাড়ি এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে রামু থানা পুলিশ। অটো মিশুক চালক শামসুল আলম হত্যা ও গাড়ি ছিনতাইয়ের ঘটনায় জড়িত তিন আসামীকে প্রায় দুই মাস পর গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, উখিয়া উপজেলার হলুদিয়া পালং ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাগলির বিল এলাকার মোহাম্মদ আলীর ছেলে আব্দু শুক্কর (৩৮), ইদ্রিস ভান্ডারীর ছেলে হোছন (১৯) এবং রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের বাইন্যার দোকান ছাদিরকাটা এলাকার সৈয়দ আকবরের ছেলে গুরা মনিয়া (২২)।

প্রাপ্ত তথ্যমতে, গত ৯ মার্চ সংঘবদ্ধ চক্রটি অটো মিশুক গাড়ি ছিনতাইয়ের উদ্দেশ্যে কক্সবাজার পৌরসভার পাহাড়তলী খাজা মঞ্জিল এলাকার বাসিন্দা শামসুল আলমকে মালামাল পরিবহনের কথা বলে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের বন শিল্প উন্নয়ন কর্পোরেশন পরিচালিত রামু রাবার বাগানের কারখানার পেছনের নির্জন পাহাড়ি এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তার গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে। হত্যার পর মরদেহের মুখে মাস্ক পরিয়ে রেখে অটো মিশুকটি নিয়ে পালিয়ে যায় তারা।

রামু থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ফরিদ জানান, এ ঘটনায় ১২ মার্চ রামু থানায় হত্যা অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে হত্যা মামলা (নং-৩১/১০৯) রুজু হয়। তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ শওকত জামিল তথ্যপ্রযুক্তির সহায়তায় দীর্ঘ তদন্ত শেষে মামলার রহস্য উদঘাটন করেন। এরই প্রেক্ষিতে পুলিশ অভিযান জালিয়ে এ হত্যাকান্ডে জড়িত ৩ জনকে আটক করতে সক্ষম হয়েছে।

তিনি আরও জানান- হত্যাকাণ্ডের পর ছিনতাইকৃত অটো মিশুকটি কোটবাজার এলাকায় এক অজ্ঞাত ব্যক্তির কাছে ৩০ হাজার টাকায় বিক্রি করে দেন আসামীরা। পরে বিক্রির টাকা নিজেদের মধ্যে ভাগ করে নেয়। তবে এখনো গাড়িটি উদ্ধার করা সম্ভব হয়নি। এ বিষয়ে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ১০ মার্চ বিকেলে স্থানীয়রা রামু রাবার বাগান কারখানার পেছনের পাহাড়ি ঝিরি থেকে শামসুল আলমের মরদেহ উদ্ধার করে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ছবি দেখে স্বজনরা তাকে শনাক্ত করেন। নিহত শামসুল আলম দুই সন্তানের জনক ছিলেন এবং অটো মিশুক চালিয়ে পরিবারের জীবিকা নির্বাহ করতেন।

নিহতের পরিবার হত্যাকান্ডে গ্রেফতারকৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এদিকে সাম্প্রতিক সময়ে রামুতে চালক হত্যা ও গাড়ি ছিনতাইয়ের একাধিক ঘটনায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, রামু, হত্যা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন