ঘুষ নেওয়ার অভিযোগে ৩ সরকারি কর্মচারীকে সাময়িক বরখাস্ত

fec-image

মৃত প্রবাসী কর্মীর পরিবারের আর্থিক অনুদান মঞ্জুরির বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের দুই কর্মচারীকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

২৪ মে বোর্ডের এক অফিস আদেশের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তাছাড়া ঋণ দেওয়ার কথা বলে ঘুষ গ্রহণের অভিযোগে প্রবাসী কল্যাণ ব্যাংকের একজন পিয়নকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

সাময়িকভাবে বরখাস্ত হওয়া কর্মচারীরা হলেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের নিরাপত্তা প্রহরী মোঃ শফি উদ্দিন, অফিস সহায়ক পলাশ চন্দ্র রায় এবং প্রবাসী কল্যাণ বাংকের পিয়ন শামিম।

সৌদি আরবে মৃত্যুবরণকারী প্রবাসী কর্মী মোঃ কাইয়ুম (পিতা: মৃত মোঃ হাফিজ উদ্দিন, গ্রাম: পাতলাশী, গফরগাঁও, ময়মনসিংহ) এর পরিবারের অনুকূলে মৃত্যুর কারণে আর্থিক অনুদান প্রদানের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য উক্ত দুই কর্মচারী ভুক্তভোগী পরিবারের কাছ থেকে অনৈতিকভাবে নগদ অর্থ গ্রহণ করেন। অন্যদিকে প্রবাসী কল্যাণ ব্যাংকের পিয়ন শামিম ভুক্তভোগীকে ঋণ দেওয়ার কথা বলে অনৈতিকভাবে অর্থ গ্রহণ করেন। এসব বিষয়ে News 24 এর সাংবাদিক সাজ্জাদ হোসাইন ও ভুক্তভোগী পরিবার সুনির্দিষ্ট ভিডিও প্রমাণসহ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক এর নিকট অভিযোগ দায়ের করেন।

প্রতিমন্ত্রী তাৎক্ষণিকভাবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ও অভিযোগকারীদের নিয়ে অভিযুক্তদের দপ্তরে যান, অভিযোগের সত্যতা নিশ্চিত করে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেন। কর্মচারীদের এমন আচরণ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সুনাম ও ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে এবং তা শৃঙ্খলা ভঙ্গের শামিল। তাই ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের নিজ নিজ বিধি অনুযায়ী আজ থেকে তাদের চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালে প্রচলিত বিধি মোতাবেক তারা খোরপোশ ভাতা প্রাপ্য হবেন।

প্রতিমন্ত্রী বলেন, রেমিট্যান্স যোদ্ধা প্রবাসী এবং তাদের পরিবারের সেবা প্রদানে দেশে এবং দূতাবাসে যেকোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। প্রবাসীদের সহযোগিতায় কোনো গাফিলতি ও অনিয়ম সহ্য করা হবে না উল্লেখ করে অন্য কর্মকর্তাদেরও তিনি সতর্ক করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ঘুষ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন