প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর, যা থাকছে সূচিতে

fec-image

সরকার গঠনের পর প্রথমবারের মতো সমুদ্রনগরী কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

সফরসূচি অনুযায়ী আগামী ১৩ জুন রাত ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশপথে কক্সবাজারের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে তিনি সার্কিট হাউসে রাতযাপন করবেন।

পরদিন ১৪ জুন সকাল সাড়ে ১০টায় কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পাতলী-মাছুয়াখালী খাল খননকাজের উদ্বোধন করবেন তিনি। এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেওয়ারও কথা রয়েছে তার।

পরে সড়কপথে চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্কে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন এবং সাফারি পার্ক পরিদর্শন করবেন।

এরপর পেকুয়া উপজেলার সন্তান, ২৪ জুলাই আন্দোলনের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

দুপুর দেড়টায় নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন ও মোনাজাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে পেকুয়ায় গিয়ে নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং মোনাজাতে অংশ নেবেন।

নামাজ ও মধ্যাহ্নভোজ শেষে তিনি চকরিয়া উপজেলার উদ্দেশে রওনা দেবেন। সেখানে চকরিয়া পৌরসভা এলাকায় আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। জনসভা শেষে প্রধানমন্ত্রী কক্সবাজারে ফিরে মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্রসৈকত পরিদর্শন করবেন।

সন্ধ্যা সাড়ে ৭টায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র অথবা বিয়াম ফাউন্ডেশনের আঞ্চলিক কেন্দ্রে সুধীজনদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। সর্বশেষ রাত ৯টায় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, তারেক রহমান, প্রধানমন্ত্রী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন