শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত খালের পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারে তাঁর পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। শনিবার সকাল এগারটার দিকে কক্সবাজার সদরে পিএমখালীস্থ এই পাতলি খালের উদ্বোধন এবং সেখানে বৃক্ষ রোপন করেন তিনি।
বৃষ্টি উপেক্ষা করেও প্রধানমন্ত্রীর সমাবেশস্থল ও পথসভাগুলোতে জনতার ঢল নেমেছে।
এর আগে সকাল দশটায় প্রধানমন্ত্রী কক্সবাজার বিমান বন্দরে পৌঁছেন। যেখান থেকে তিনি পিএমখালীতে যান।
উল্লেখ্য, পাতলি খালটি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান খনন কার্যক্রমের উদ্বোধন করেছিলেন। পরে তিনি আরও কয়েকবার ওখানে সফর করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান যাবেন চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে। যেখানে বেলা ১২টায় ‘সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন পরবর্তী ডুলাহাজারা সাফারি পার্ক ঘুরে দেখবেন।
এরপর তিনি পেকুয়া উপজেলায় ২০২৪ সালের জুলাই আন্দোলনের শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করবেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
দুপুর দেড়টায় নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন ও মোনাজাতে অংশ নেবেন। এরপর পেকুয়ায় গিয়ে পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানেও যোগ দেবেন। ওখানে জোহরের নামাজ আদায় ও মধ্যাহ্নভোজ শেষে চকরিয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি।
বিকেল ৪টায় চকরিয়া পৌরসভা এলাকায় আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। জনসভা শেষে সন্ধ্যা ৬টায় তিনি মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্রসৈকত পরিদর্শন করবেন।
সফরের শেষ পর্যায়ে রাত ৮ টায় কক্সবাজারের কলাতলীস্থ লং বিচ হোটেলে স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।

















