রাঙামাটির বাঘাইছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন দীপেন দেওয়ান


রাঙামাটির বাঘাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন রাঙামাটি আসনের সংসদ সদস্য ও সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
সোমবার ( ১৩ জুলাই ) দুপুর ১২টায় রাঙামাটির বাঘাইছড়ি সদরে পৌঁছান তিনি।
এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন। পরে বাঘাইছড়ি বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন তিনি।
বিতরণ অনুষ্ঠানে রাঙামাটি বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান, রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম ভূট্টো, উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরণে দীপেন দেওয়ান বলেন, সরকার পার্বত্যাঞ্চলের বন্যা কবলিত মানুষদের প্রতিনিয়ত খবর রাখছে। ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। তিনি আরও বলেন, বাঘাইছড়ি উপজেলায় প্রকৃত ক্ষতিগ্রস্তদের দ্রুত তালিকা প্রণয়ন করে ক্ষতিপূরণের পাশাপাশি সড়ক ও কালভার্টগুলো মেরামত করা হবে।
তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে শৃঙ্খলা বাজায় রেখে কাজ করার আহ্বান জানান।
















