মারমা সংগঠন ঐক্য পরিষদের নেতা শিশুপুত্রসহ গুলিবিদ্ধ হওযার প্রতিবাদে খাগড়াছড়ির বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:
সন্ত্রাসীদের গুলিতে মারমা সংগঠন ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক কংজাই প্রু মারমা (৪৫) ও তার চার বছরের শিশুপুত্র সাচিং মারমা আহত হওয়ার ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার খাগড়াছড়ি জেলা সদরসহ বিভিন্ন স্থানে সংগঠনটির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। এই সব বিক্ষোভ সমাবেশ থেকে সন্ত্রাসীদের গ্রেফতারে ২৪ ঘন্টার আলিমেটাম দেওয়া হয়।
আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে খাগড়াছড়ি শহরের মহিলা কলেজ এলাকা থেকে মারমা সংগঠন ঐক্য পরিষদের উপদেষ্টা রাচাথোয়ই চৌধুরীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরের মুক্ত মঞ্চে সংগঠনের সভাপতি কংজরী মাস্টারের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন মারমা সংগঠন ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক কংজপ্রু মারমা,সহ-সাংগঠনিক সম্পাদক কইলাপ্রু মারমা, মহিলা ঐক্য পরিষদের সভানেত্রী নিউচা মারমা,যুব ঐক্য পরিষদের সভাপতি নিংঅংজ মারমা ও রাজু মারমা প্রমূখ।
এদিকে শিশুপুত্র সাচিংপ্রু মারমাসহ মারমা সংগঠন ঐক্য পরিষদের গুইমারা থানা শাখার সাংগঠনিক সম্পাদক কংজাই প্রু মারমার উপর সন্ত্রাসী হামলা ও গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এ হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খাগড়াছড়ি জেলা মারমা কল্যান পরিষদ। সংগঠনের সভাপতি মংসুথোয়াই চৌধুরী,সহ-সভাপতি সাজাইলহ চৌধুরী,সম্পাদক উচিং থোয়াই মগ,সাংগঠনিক সম্পাদ মংসানুং মারমা এক যুক্ত বিবৃতিতে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তির দাবী জানান।
উল্লেখ,গতকাল সোমবার রাত সোয়া ৯টার দিকে খাগড়াছড়ি জেলার গুইমারা থানার বটতলী হাজী পাড়ায় এই হামলার ঘটনা ঘটে। আহতদের গুইমারা সেনা রিজিয়নের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।
আইন-শৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, গতকাল সোমবার রাত সোয়া ৯ টার দিকে বিএনপির সমর্থিত মারমা সংগঠন ঐক্য পরিষদের গুইমারা থানা শাখার সাংগঠনিক সম্পাদক কংজপ্রু মারমা তার শিশুপুত্র সাচিং মারমাকে কোলে নিয়ে বসে ছিলেন। এ সময় চার অস্ত্রধারী সন্ত্রাসী দু’টি মোটরসাইকেলে এসে জানালা দিয়ে গুলি চালালে পিতা ও পুত্র গুলিবিদ্ধ হয়।
গুইমারা রিজিয়নের ষ্টাফ অফিসার মেজর হাসান আরাফাত জানান, সেনাবাহিনী আহতদের উদ্বার করে সেনা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাত পৌনে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।




















Parbatta onchole sontrasider khub beshi anagona dekha zacche. Prosasoner uchit eder biruddhe shigroi babostha neya.