অবসর ভেঙে ফেরা ম্যানুয়েল নয়ারকে নিয়ে মাঠে নামছে জার্মানি


২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে দাপটের সঙ্গে শিরোপা জয়ের পর গত দুই বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয় ইউরোপের এই পরাশক্তি জার্মানিকে। তবে এবার আবার ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা করছেন সমর্থকরা। নতুন কোচ হুলিয়ান নাগেলসম্যানের অধীনে নতুন করে গুছিয়ে উঠছে দলটি।
রবিবার (১৪ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টনে ‘ই’ গ্রুপের ম্যাচে জার্মানির প্রতিপক্ষ ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশ কুরাসাও। এই ম্যাচের আগে একাদশে বড় চমক দিয়েছেন কোচ নাগেলসম্যান।
তিনি নিশ্চিত করেছেন, কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির গোলপোস্টে শুরু থেকেই থাকবেন অভিজ্ঞ ম্যানুয়েল নয়ার। দীর্ঘ দুই বছর পর জাতীয় দলে ফিরছেন বায়ার্ন মিউনিখের এই তারকা গোলরক্ষক। চোটের কারণে তিনি ফিনল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি ম্যাচগুলোতে খেলতে পারেননি।
হিউস্টনে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে নাগেলসম্যান জানান, দলের সব খেলোয়াড়ই ফিট আছেন এবং নয়ারই শুরু থেকে খেলবেন। এছাড়া নাথানিয়েল ব্রাউন ও জামাল মুসিয়ালাও প্রথম একাদশে থাকবেন বলে নিশ্চিত করা হয়েছে। জার্মান আক্রমণভাগের অন্যতম গুরুত্বপূর্ণ ভরসা মুসিয়ালা, যিনি দলের পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন।
অন্যদিকে কুরাসাও কোচ ডিক অ্যাডভোকাট এই ম্যাচকে দেশের ফুটবল ইতিহাসের অন্যতম বড় মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন। অধিনায়ক কুকো মার্টিনা মনে করেন, বিশ্বকাপের মতো মঞ্চে যেকোনো ম্যাচেই গল্প বদলে যেতে পারে এক রাতেই।
কাগজে-কলমে জার্মানি স্পষ্ট ফেভারিট হলেও বিশ্বকাপের মঞ্চে কোনো কিছুই নিশ্চিত নয়। তাই জার্মানি চাইছে শক্তিশালী শুরু, আর কুরাসাও লক্ষ্য রাখছে ইতিহাস গড়ার দিকে।
















