ইরানে ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে কড়া বার্তা দিয়েছে উত্তর কোরিয়া


ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার তীব্র সমালোচনা করেছে উত্তর কোরিয়া। দেশটি বলেছে, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে সম্পূর্ণ অবৈধ।
স্থানীয় সময় বুধবার (১১ মার্চ) উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ মন্তব্য করেন।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, পিয়ংইয়ং এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তাদের অভিযোগ, এ ধরনের হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত হচ্ছে এবং ইরানের বিরুদ্ধে অবৈধ সামরিক পদক্ষেপ বিশ্বজুড়ে অস্থিরতা বাড়িয়ে তুলতে পারে।
পিয়ংইয়ং আরও বলেছে, ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যবস্থায় বাইরের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। অন্য কোনো দেশের সরকারকে হুমকি দেওয়া বা সামরিক শক্তি প্রয়োগ করাও আন্তর্জাতিকভাবে অগ্রহণযোগ্য বলে সতর্ক করেছে দেশটি।
এদিকে উত্তর কোরিয়া জানিয়েছে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ায় তাকে তারা সম্মান জানায় এবং এই নির্বাচনকে ইরানি জনগণের ইচ্ছার প্রতিফলন বলে মনে করে।
এর আগে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পূর্ব এশিয়ার স্থিতিশীলতা নষ্ট করার অভিযোগ তোলেন।
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া কোরীয় উপদ্বীপে তাদের ১০ দিনের বার্ষিক যৌথ সামরিক মহড়া শুরু করার পর তিনি এ মন্তব্য করেন। কেসিএনএ’র তথ্যমতে, কিম ইয়ো জং সতর্ক করে বলেন, উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব ও নিরাপত্তা সীমান্তের কাছে শত্রুপক্ষের সামরিক শক্তি বৃদ্ধি “অকল্পনীয় ভয়াবহ পরিণতি” ডেকে আনতে পারে।

















