ঈদগাঁওয়ে ভাসমান লাশ উদ্ধার

fec-image

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও খালের ছাতিপাড়া অংশ থেকে মঙ্গলবার (১৬ জুন) বিকেল ৩টার দিকে বল্লব দে (৪০) নামে সনাতন ধর্মাবলম্বী দুই সন্তানের জনকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধারকৃত লাশ উপজেলার জালালাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বঙ্কিম বাজার এলাকার বাসিন্দা মিলন কান্তি দে-এর ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বল্লব বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।

পরদিন দুপুরে খালে লোকজন একটি মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করলে মরদেহটি বল্লবের বলে শনাক্ত করা হয়।

ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি জানান, এলাকাবাসী ভাসমান লাশ দেখে তাঁকে জানালে তিনি থানাকে অবগত করেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে।

তিনি আরও জানান, পরিবারের দাবি, বল্লব রাতে বের হয়ে আর ঘরে ফেরেননি এবং তিনি পূর্ব থেকেই মৃগীরোগে আক্রান্ত ছিলেন। পরিবার বিনা ময়নাতদন্তে লাশ দাহ করার আবেদন করেছে।

তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা কেউ নিশ্চিত করতে পারছেন না।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম সিফাতুল মাজদার জানান, স্থানীয়রা খালে লাশ দেখে থানায় খবর দিলে তিনি পুলিশ দল নিয়ে ঘটনাস্থলে গিয়ে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

তিনি আরও জানান, পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি মৃগীরোগে আক্রান্ত ছিলেন। প্রতিবেদন লেখা পর্যন্ত পরিবার থেকে এ মৃত্যু নিয়ে কোনো অভিযোগ করা হয়নি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, লাশ উদ্ধার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন