ঈদগাও-বাইশারী সড়কে ৩ যাত্রী অপহরণ, মুক্তিপণ দাবি


মো.আবুল বাশার নয়ন, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:
রামু উপজেলার ঈদগড় ও নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের মধ্যস্থান থেকে ৩ ব্যক্তি অপহৃত হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে পানেরছড়া নামক ঢালা স্থান থেকে অস্ত্রধারী ৭/৮জন মুখোষ পরিহিত দুর্বৃত্তরা তাদের সিএনজি গাড়ি থেকে তুলে নিয়ে যায়।
গাড়ি চালক মো: রশিদসহ অন্যযাত্রীরা জানান, সোমবার সকালে বাইশারী বাজার থেকে সিএনজি গাড়ি নং- কক্সবাজার থ-১১-০৪১৭নং গাড়িটি ঈদগাও যাওয়ার পথে পানেরছড়া নামক ঢালায় পৌঁছলে অতর্কিত অবস্থায় অস্ত্রধারীরা গাড়ি থেকে নামিয়ে ৩জনকে জিম্মী করে নিয়ে যায়।
এরা হলেন বাইশারী ইউনিয়নের যৌথ খামার পাড়ার কালা মিয়ার ছেলে নুর মোহাম্মদ, গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামের আজিজুল হক ও অপরজনের নাম পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, অপহরণের সময় মাত্র ২০/৩০ গর্জ অদূরে ঈদগড় টহল পুলিশ ডিউটিরত থাকলেও অপহরণের খবর পেয়ে তারা এগিয়ে আসে নি।
এদিকে ঈদগড় পুলিশ ফাঁড়ি ইনচার্জ এএসআই মো: আবুল হাসেম এর সাথে যোগাযোগ করা হলে তিনি অপহরণের সত্যতা স্বীকার করে বলেন, ‘দুইজন উপজাতী অপহরণ হয়েছে বলে শুনেছি’ এ ঘটনায় তাদের উদ্ধারে পুলিশের অভিযান চলছে বলে তিনি দাবি করেন।
অপহৃত নুর মোহাম্মদের ছোট ভাই মো: রফিক এ প্রতিবেদককে জানান, সকালে তার ভাই ঈদগাও যাওয়ার পথে সিএনজি থেকে অজ্ঞাত ব্যক্তিরা ধরে নিয়ে যায়। পরে সকাল ১১টার পর নুর মোহাম্মদের ব্যবহৃত মোবাইল ফোন থেকে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা ৪লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছে।
এ সংবাদ লেখা পর্যন্ত অপহৃতদের উদ্ধারে পুলিশের বিশেষ কোন দল ঘটনাস্থলে পৌঁছায়নি।


















