কানসাস সিটিতে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, আহত ৪


যুক্তরাষ্ট্রের কানসাস সিটির মহাসড়কে এক ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় এক ব্যক্তি নিহত এবং আরও চারজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটির সঙ্গে জড়িত সন্দেহে ২২ বছর বয়সী অস্কার সানচেজ-মুনোজ নামের এক যুবককে তারা খুঁজছে এবং তাকে ‘বিপজ্জনক’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের কানসাস সিটির ইন্টারস্টেট–৬৭০ এবং ইন্টারস্টেট–৭০ মহাসড়কে প্রায় ৩০ মিনিটের ব্যবধানে একাধিক হামলার ঘটনা ঘটে। এর মধ্যে একটি হামলায় উবার গাড়িকে লক্ষ্য করে গুলি চালানো হয়, যেখানে আর্জেন্টিনা বনাম আলজেরিয়া বিশ্বকাপ ম্যাচ দেখতে যাওয়া কয়েকজন ফুটবল সমর্থক ছিলেন।
ভুক্তভোগীদের একজন আর্জেন্টাইন সংবাদমাধ্যম লা নাসিওনকে জানান, চলন্ত উবারের পাশে একটি গাড়ি এসে দুই রাউন্ড গুলি চালায়। পরে গাড়ি থামালে দেখা যায়, উবার চালকের পায়ে গুলি লেগে গুরুতর জখম হয়েছে। আহতদের দ্রুত পুলিশকে খবর দেওয়া হয় এবং চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
ঘটনার পরপরই পার্শ্ববর্তী মিসৌরির ইন্ডিপেন্ডেন্স এলাকায় সন্দেহভাজনের অবস্থান শনাক্ত করে পুলিশ একটি বাড়ি ঘিরে ফেলে। অভিযান চলাকালে ওই বাড়িতে আগুন ধরে যায়, তবে ভেতরে প্রবেশ করে কাউকে পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
কানসাস সিটির পুলিশ প্রধান স্ট্যাসি গ্রেভস এক সংবাদ সম্মেলনে বলেন, সন্দেহভাজনকে দ্রুত গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এর মাত্র ১০ দিন আগেই একই শহরে ইংল্যান্ড ফুটবল দলের বিশ্বকাপ বেসক্যাম্পের কাছাকাছি আরেকটি গুলিবর্ষণের ঘটনায় ৯ জন আহত হন। ধারাবাহিক এ ঘটনাগুলোকে ঘিরে এলাকায় নিরাপত্তা উদ্বেগ বেড়েছে।
সূত্র: রয়টার্স

















