কুতুবদিয়ায় সৈকত থেকে জেলের লাশ উদ্ধার


কক্সবাজারের কুতুবদিয়া লেমশীখালী সৈকত থেকে এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বিকাল ৩টার দিকে জহিরুল ইসলাম (৬০) নামের ওই জেলে সৈকতে পড়ে থাকা অবস্থায় তাকে পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শী কবি সেজাম জানান, তার একটি ছোট ফিশিং বোট পূর্ব লেমশীখালী সৈকতে বৈরি আবহাওয়ার দরুণ নোঙর করা ছিল। তিনি শনিবার বিকাল ৩টার দিকে বোটের কাছে গেলে বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি স্থানীয়দের জানালে উৎসুক জনতা জড়ো হয় সেখানে। তিনি তেলিয়াকাটা গ্রামের জনৈক আনোয়ার মাঝির সাথে ফিশিং বোটে কাজ করতেন।
মৃতের পুত্র নাফকো ঔষধ কোম্পানীর স্থানীয় প্রতিনিধি মিজানুর রহমান জানান, তার পিতা গতকাল ফিশিং বোটে যান। শনিবার বিকালে একটি লাশ ভেসে আসার খবর পেয়ে ছুটে গিয়ে তার পিতার মরদেহ সনাক্ত করেন। বোট দূর্ঘটনা বা কি ঘটেছে তাৎক্ষণিক তিনি কিছু জানাতে পারেননি।
থানার ওসি মো. আরমান হোসেন বলেন, সৈকতে মরদেহ ভেসে আসার খবর পেয়ে সেখানে গিয়ে জেলের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

















