ঘুমধুম সীমান্তে ইয়াবার চালানসহ দুই রোহিঙ্গা কিশোর আটক


বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে বড় ধরনের ইয়াবা চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৭ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ দুই রোহিঙ্গা কিশোরকে আটক করতে সক্ষম হয়েছে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) একটি বিশেষ টহল দল।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বিজিবির ঘুমধুম বিওপির টহল দল সীমান্তবর্তী জামালের ঘের নামক স্থানে ওঁত পেতে থাকে। দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে দুই ব্যক্তি একটি ব্যাগ হাতে নিয়ে বাংলাদেশ সীমান্তের দিকে এগিয়ে এলে বিজিবি সদস্যরা তাদেরকে চ্যালেঞ্জ করেন। এ সময় তারা পালানোর চেষ্টা করলে বিজিবি ধাওয়া করে দুইজনকে আটক করে।
আটককৃতরা হলেন- করিম উল্লাহ (১৮), পিতা মো. সুলতান, এবং মো. মুজিবুর রহমান (১২), পিতা পীর মোহাম্মদ। উভয়েই কক্সবাজারের উখিয়ার কুতুপালংস্থ রোহিঙ্গা ক্যাম্প-৮-ই এর বাসিন্দা। করিম উল্লাহ ব্লক-বি/৮১ এবং মুজিবুর রহমান ব্লক-৮৯ নম্বরের রোহিঙ্গা।
পরে আটককৃতদের ব্যাগ তল্লাশি করে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
উল্লেখ্য, নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকা দীর্ঘদিন ধরেই মিয়ানমার থেকে ইয়াবা পাচারের অন্যতম প্রধান রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ইয়াবার বড় বড় চালান এনে বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালায় চোরাকারবারিরা। তবে বিজিবির ধারাবাহিক তৎপরতায় তা অনেকটাই কমেছে বলে দাবি সংশ্লিষ্টদের।

















