থানচিতে বন্যার্তদের পাশে বিজিবি, খাদ্য সহায়তা বিতরণ; শতাধিক পর্যটককে নিরাপদে উদ্ধার


টানা ভারী বর্ষণ ও সাঙ্গু নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় বান্দরবানের থানচি উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে বলিপাড়া ইউনিয়নের বাগানপাড়া, অন্তনীপাড়া, হিন্দুপাড়া ও মুসলিমপাড়াসহ কয়েকটি এলাকায় প্রায় অর্ধশতাধিক পরিবারের ২০০ থেকে ২৫০ জন মানুষ পানিবন্দি হয়ে মানবিক সংকটে পড়েছেন। এ পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার,(৮ জুলাই) দুপুরে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর উপ-অধিনায়ক মেজর মো. ইমামুল আজিমের নেতৃত্বে বিজিবির একটি দল বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে। এ সময় তারা দুর্গত মানুষের খোঁজখবর নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল, ডাল ও শুকনো খাবারসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন। ত্রাণ বিতরণ কার্যক্রমে ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অ্যাডজুট্যান্ট সহকারী পরিচালক মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।
এদিকে, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট প্রতিকূল পরিস্থিতিতে থানচির দুর্গম নাফাখুম, রেমাক্রী, জিন্নাহপাড়া ও বড়পাথর এলাকায় আটকে পড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক পর্যটককে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিয়েছে বিজিবি।
বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে থেকে দায়িত্ব পালন করে আসছে বিজিবি। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

















