নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে লাখ পিস ইয়াবা উদ্ধার


বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়াছড়ি সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে ৯৯,৯৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সদরের একটি বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ জারুলিয়াছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সীমান্ত পিলার ৪৬ এর নিকটবর্তী দক্ষিণ মৌলভীকাটা গ্রামের জামে মসজিদের পশ্চিম পাশে একটি বেগুন ক্ষেতে তল্লাশি চালানো হয়। উক্ত স্থান হতে পরিত্যক্ত অবস্থায় পাওয়া দুইটি ব্যাগ তল্লাশি করে একটি খয়েরি রঙের ব্যাগ হতে ৯৮,৯৭০ পিস এবং একটি সবুজ রঙের ব্যাগ হতে ৯৭০ পিসসহ সর্বমোট ৯৯,৯৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. ফয়জুল কবির জানান, বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় বিজিবি সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা ও কঠোর নজরদারি বজায় রেখেছে।
















