নিরাপত্তা বাহিনীর দায়িত্বই হচ্ছে জনগণকে নিরাপত্তা দেয়া : ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ


বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ পিএসসি বলেছেন, নিরাপত্তা বাহিনী তারা তাদের কাজ করবে। নিরাপত্তা বাহিনীর দায়িত্বই হচ্ছে জনগণের সেবা করা এবং জনগণকে নিরাপত্তা দেয়া। সেই কাজটি নিরাপত্তা বাহিনী করছে। খাগড়াছড়িতে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা ব্যবস্থা এখন সম্পূর্ণ স্বাভাবিক। আমরা পর্যটন ব্যবস্থাও খুলে দিয়েছি। পর্যটকরা আসতে পারেন।
গতকাল বুধবার সন্ধ্যায় খাগড়াছড়িতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ এ সময় আরো বলেন, অবরোধ নেই, ১৪৪ এখনো জারি আছে। তবে জনসাধারণ সবকিছু স্বাভাবিকভাবে করতে পারেন। যেমন তাদের ব্যবসা-বাণিজ্য, দোকানপাট। তাছাড়া এখানে যারা স্থানীয় জনসাধারণ আছেন তারা স্বাভাবিকভাবে তাদের সকল কার্যক্রম সম্পন্ন করতে পারেন।’
তিনি বলেন, ‘আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, সুন্দর এবং উৎসবমূখর আমেজে এই দুর্গাপূজা সম্পন্ন করুন। এই দুর্গাপূজার পরেও কয়েক দিন ছুটি আছে। পরিবারের সাথে সময় কাটিয়ে সবাই নিরাপদে নিজ নিজ কর্মস্থল বা শিক্ষা প্রতিষ্ঠানে যাতে ফিরে যেতে পারে সেই আশা করছি। সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।’
এর আগে তিনি খাগড়াছড়ি শহরের নারায়ন মন্দির পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। পরে তিনি জেলা সদরের খাগড়াপুর পূজামণ্ডপ পরিদর্শন করেন বলেও জানা যায়।


















