দীঘিনালায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট, প্রশাসন ও সেনাবাহিনীর অভিযান

দীঘিনালা উপজেলা জ্বালানি তেলের সংকট তৈরি, এবং লিটার প্রতি ৩ থেকে ৪ টাকা বেশি দামে বিক্রির অভিযোগে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন যৌথভাবে বাজার তদারকি ও অভিযান পরিচালনা করেন। শুক্রবার উপজেলার বাস টার্মিনাল, বোয়ালখালী বাজারসহ বিভিন্ন জ্বালানি তেলের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার বিভিন্ন বাজারে কিছু ব্যবসায়ী পাম্পে তেল থাকা সত্ত্বেও দোকান বন্ধ রাখা হয়। আবার কিছু ব্যবসায়ী পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রির ক্ষেত্রে সীমিত পরিমাণে তেল বিক্রি করছে। অনেক দোকানি ভবিষ্যতে দাম বাড়ার আশঙ্কায় বেশি পরিমাণ তেল বিক্রি করতে চাইছে না বলে ভোক্তারা অভিযোগ করেছে।
স্থানীয় একাধিক মোটরসাইকেল চালক জানান, আগে সহজেই তেল পাওয়া গেলেও এখন কিছু দোকানে অল্প পরিমাণে দেওয়া হচ্ছে। আবার কোথাও প্রতি লিটারে কয়েক টাকা বেশি নেওয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানজিল পারভেজ বলেন, জ্বালানি তেল নিয়ে কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করা হচ্ছে এমন অভিযোগে আমরা বাজারে সেনাবাহিনীর সমন্বয়ে অভিযান পরিচালনা করেছি। আমরা ব্যবসায়ীদের সতর্ক করে দিয়েছি যাতে কেউ অতিরিক্ত দামে তেল বিক্রি না করেন বা কৃত্রিম সংকট সৃষ্টি না করেন। কেউ যদি কৃত্রিম সংকট সৃষ্টি করে বা নির্ধারিত মূল্যের বেশি দামে তেল বিক্রি করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

















