হার্ট অ্যাটাকে মারা গেলেন ঢাকার সহকারী কোচ


বিপিএলের দ্বাদশ আসরের তৃতীয় ম্যাচে মর্মান্তিক ঘটনা ঘটেছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচ শুরুর আগ হার্ট অ্যাটাক করে শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি।
শনিবার (২৭ ডিসেম্বর) রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ শুরু হওয়ার প্রায় ২০ মিনিট বাকি থাকতেই হার্ট অ্যাটাক করেন জাকি।
ঢাকা ক্যাপিটালস এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে জানায়, গুরুতর অবস্থায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে শেষ পর্যন্ত হৃদ্রোগে মারা যান তিনি।
মাঠে উপস্থিত সংশ্লিষ্টরা জানান, ঘটনার সময় পরিস্থিতি ছিল অত্যন্ত শোকাবহ। দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন ধরে কোচ হিসেবে কাজ করা মাহবুব আলী জাকির আকস্মিক মৃত্যু ক্রিকেট অঙ্গনে গভীর শোকের ছায়া ফেলেছে।

















