সেনাবাহিনীর অফিসার হত্যার প্রতিবাদে লামায় মানববন্ধন


বান্দরবানের রুমায় সেনাবাহীনির সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমানকে সশস্ত্র জেএসএস সন্ত্রাসী কর্তৃক গুলি করে হত্যার প্রতিবাদে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ এর উদ্যোগে লামা উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মানববন্ধন কর্মসূচীতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মো মজিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বান্দরবান জেলা সেক্রেটারী নাসির উদ্দীন, প্রচার সম্পাদক এম রুহল আমিন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, বান্দরবান জেলা সভাপতি আসিফ ইকবাল, নাগরিক পরিষদ লামা উপজেলা সেক্রেটারী কামরুজ্জামান।
মানববন্ধনে কাজী মজিবুর রহমান বলেন, সরকার সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের সাথে শান্তি চুক্তির নামে অসম চুক্তি করেছে। যারা দেশর স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিশ্বাস করেনা সরকার তাদের সাথে চুক্তি করেছে। এই চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে। পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার ও চট্টগ্রামকে নিয়ে যারা আলাদা রাষ্ট্র গঠন করতে চায় তারা আবার রাষ্ট্রীয় কোষাগারের টাকায় সুযোগ সুবিধা ভোগ করছে। মানববন্ধন শেষে সন্তু লারমার কুশ পুত্তলিকাদাহ করা হয়েছে।

















