হরমুজ প্রণালিতে ভয়াবহ হামলা, ২ ভারতীয় নিহত


ওমান উপসাগরের হরমুজ প্রণালীতে পালাউর পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কার স্কাইলাইট-এ ইরানি হামলায় দুই ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। নিহতরা হলেন বিহারের বেতিয়ার বাসিন্দা ক্যাপ্টেন আশিশ কুমার এবং রাজস্থানের নাগাউরের বাসিন্দা ক্রু সদস্য দলিপ সিং।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, ওমানের মুসান্দাম উপদ্বীপের কাছে এ হামলার ঘটনা ঘটে। এর কিছুক্ষণ আগে দেশটির দুকুম বন্দরে ড্রোন হামলার ঘটনাও ঘটেছিল।
ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার জানিয়েছে, ট্যাঙ্কারটিতে মোট ২০ জন ক্রু সদস্য ছিলেন। তাদের মধ্যে ১৫ জন ভারতীয় এবং পাঁচজন ইরানি নাগরিক। হামলার পর জাহাজে আগুন ধরে যায়। পরে অন্য ক্রু সদস্যদের উদ্ধার করা গেলেও ক্যাপ্টেন আশিশ কুমার ও ক্রু সদস্য দলিপ সিং প্রাণ হারান।
সরকারি তথ্যে বলা হয়েছে, আগুনে দগ্ধ অবস্থায় নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। ক্যাপ্টেন আশিশ কুমারের মরদেহ তার কেবিন থেকেই উদ্ধার করা হয়েছে।
আশিশ কুমারের পরিবার গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার খবর জানতে পারে। পরে মঙ্গলবার রাতে শিপিং কোম্পানির পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।
সূত্র: NDTV

















