আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি হলেও দেশে তেলের দাম বাড়ছে না : স্বরাষ্ট্রমন্ত্রী


স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বোরো মৌসুমে কৃষি উৎপাদন সচল রাখতে সরকার জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি সত্ত্বেও বিশাল অঙ্কের ভর্তুকি দিয়ে দাম স্থিতিশীল রাখা হচ্ছে।
আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও দেশে তেলের দাম না বাড়ানো সরকারের একটি বড় সফলতা বলে উল্লেখ করেন তিনি ।
শনিবার (২৮ মার্চ) সংসদ ভবনে আয়োজিত সরকারি দলের সংসদীয় কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও সারের সরবরাহ স্বাভাবিক রেখে কৃষি উৎপাদন সচল রাখাই এখন সরকারের প্রধান লক্ষ্য। বিশ্বের অনেক দেশে জ্বালানি সাশ্রয়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হলেও বাংলাদেশে সুপরিকল্পিত ব্যবস্থার কারণে তেমন পরিস্থিতির সৃষ্টি হয়নি।
বৈঠকে ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ লক্ষ্যে গঠিত বিশেষ কমিটি ইতোমধ্যে দুই দফা বৈঠকে বসেছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগামীকাল রবিবার রাত ৮টা ৩০ মিনিটে কমিটির পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। এই কমিটির চূড়ান্ত রিপোর্ট আগামী ২ এপ্রিল সংসদে উপস্থাপন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, বর্তমান মেয়াদের প্রথম ৪০ দিন অতিবাহিত হওয়ার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের উদ্দেশে বিশেষ দিকনির্দেশনা দিয়েছেন। তিনি নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের অগ্রগতির কথা জনগণকে অবহিত করার নির্দেশ দিয়েছেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় সংসদ সদস্যদের জোরালো ভূমিকা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিরোধী পক্ষ বা অন্য কোনো মহল থেকে আসা চ্যালেঞ্জগুলো সংসদীয় পদ্ধতিতে মোকাবিলা এবং সরকারের উন্নয়নচিত্র উপস্থাপনের কৌশল বাতলে দেন প্রধানমন্ত্রী।

















