আর্জেন্টিনার বিপক্ষে নিজেদের সেরাটা খেলতে চান কেপ ভার্দের কোচ

fec-image

নিজেদের ফুটবল ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষার সামনে দাঁড়িয়ে কেপ ভার্দে। বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ আগামীকাল ভোরে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে টুর্নামেন্টের চমক জাগানো দলটি। ম্যাচের আগে কেপ ভার্দের প্রধান কোচ পেদ্রো লেইতাও ব্রিতো, যিনি ‘বুবিস্তা’ নামে পরিচিত, জানিয়েছেন আর্জেন্টিনার বিপক্ষে সাফল্য পেতে হলে তাদের নিজেদের সেরা খেলাই উপহার দিতে হবে।

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা প্রতিপক্ষকে যথেষ্ট গুরুত্বের সঙ্গেই দেখছে। প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়েই গ্রুপপর্বে অপরাজিত থেকে শেষ ৩২-এ জায়গা করে নেওয়া কেপ ভার্দে ইতোমধ্যেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। মাত্র সাড়ে পাঁচ লাখ জনসংখ্যার দেশটির এই সাফল্য বড় দলগুলোর নজর কাড়তে সক্ষম হয়েছে।

সংবাদ সম্মেলনে বুবিস্তা বলেন, “আমার মনে হয় বড় দলগুলোর কাছ থেকে যে সম্মান আমরা পাচ্ছি, সেটা আমাদের পারফরম্যান্স দিয়েই অর্জন করেছি।”

গ্রুপপর্বে স্পেনের পর দ্বিতীয় হয়ে নকআউটে ওঠে কেপ ভার্দে। সৌদি আরব ও উরুগুয়েকে পেছনে ফেলে অপরাজিত থেকে পরের পর্ব নিশ্চিত করে দলটি। তবে সামনে যে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, সে বিষয়ে বাস্তববাদী কোচ।

তিনি বলেন, “আমরা জানি, এটি খুব কঠিন ম্যাচ হবে। আর্জেন্টিনা এমন একটি দল, যারা যেকোনো প্রতিপক্ষকে হারাতে পারে। তবে আমাদেরও নিজেদের সেরাটা খেলতে হবে এবং সুযোগ পেলে তাদের দুর্বল জায়গায় আঘাত হানতে হবে।”

বুবিস্তার মতে, শক্ত রক্ষণই হবে কেপ ভার্দের প্রধান অস্ত্র। তবে শুধু রক্ষণাত্মক ফুটবল খেললেই হবে না, সুযোগ পেলেই আক্রমণে ওঠার মানসিকতাও থাকতে হবে।

তিনি বলেন, “পুরো ম্যাচজুড়ে খেলোয়াড়দের আত্মবিশ্বাস ধরে রাখতে হবে। সেটা সব সময় সহজ নয়, কিন্তু বিভিন্ন প্রতিযোগিতায় আমরা প্রমাণ করেছি যে কঠিন পরিস্থিতিতেও ভালো ফুটবল খেলতে পারি।”

শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ওপরও জোর দিয়েছেন কেপ ভার্দের কোচ। আফ্রিকার কয়েকটি দল শেষ দিকে গোল হজম করে বিদায় নেওয়ার উদাহরণ টেনে তিনি বলেন, “খেলোয়াড়দের আমরা সব সময় মানসিকভাবে প্রস্তুত রাখার চেষ্টা করি। অনেকেই মনে করেন, যখন এক দল পরিষ্কার ফেভারিট থাকে, তখন অন্য দল আত্মসমর্পণ করবে। কিন্তু আমরা আত্মসমর্পণ করতে মাঠে নামছি না।”

আর্জেন্টিনা ও কেপ ভার্দের মধ্যকার এই ম্যাচের বিজয়ী শেষ ষোলোতে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও মিশরের ম্যাচের জয়ী দলের।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আর্জেন্টিনা, কেপ ভার্দে, ফিফা বিশ্বকাপ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন