ইরানকে ট্রাম্পের নতুন হুমকি, লক্ষ্য হতে পারে সেতু ও বিদ্যুৎকেন্দ্র


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক চাপ আরও বাড়ানোর ইঙ্গিত দিয়ে নতুন করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ইরানের অবশিষ্ট গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংসের কার্যক্রম এখনো শুরুই করেনি যুক্তরাষ্ট্র।
ট্রাম্প সতর্ক করে বলেন, পরবর্তী ধাপে ইরানের গুরুত্বপূর্ণ সেতু ও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর পূর্ণ সক্ষমতা ইরান এখনো অনুভব করেনি বলেও মন্তব্য করেন তিনি।
তার এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন গত কয়েক সপ্তাহ ধরে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার খবর পাওয়া যাচ্ছে।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ইরানের বর্তমান নেতৃত্বকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে তারা আলোচনায় বসবে, নাকি আরও কঠোর সামরিক পদক্ষেপের মুখোমুখি হবে।
বিশ্লেষকদের মতে, ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করা এবং আঞ্চলিক সংঘাত কমাতেই এই চাপ প্রয়োগ করা হচ্ছে।
এদিকে ট্রাম্পের সরাসরি এই হুমকি মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, তারা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।
তবে এ বিষয়ে এখনো ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিশ্লেষকদের আশঙ্কা, ভবিষ্যতে ইরানের অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থা ও বিদ্যুৎ সরবরাহ কাঠামো লক্ষ্য করে বড় ধরনের হামলা হলে তা বেসামরিক জীবনে মারাত্মক প্রভাব ফেলতে পারে।
সূত্র: Al Jazeera

















