ইরানের পক্ষ হয়ে ফিফার বিরুদ্ধে ১০০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা


২০২৬ বিশ্বকাপ থেকে ইরানের বিদায়কে কেন্দ্র করে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোসহ সংস্থাটির কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ১০০ কোটি (১ বিলিয়ন) মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) যুক্তরাষ্ট্রপ্রবাসী ইরানি-আমেরিকান রাজনৈতিক বিশ্লেষক কাভেহ লতফোল্লাহ আফরাসিয়াবি বোস্টনের একটি ফেডারেল আদালতে এ মামলা করেন।
মামলায় অভিযোগ করা হয়, ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে মিশরের বিপক্ষে ইরানের শেষ মুহূর্তের একটি গোল বিতর্কিতভাবে বাতিল করে দলটিকে ইচ্ছাকৃতভাবে নকআউট পর্বে ওঠা থেকে বঞ্চিত করা হয়েছে। একই সঙ্গে কোটি কোটি ইরানি ও ইরানি-আমেরিকান সমর্থকের পক্ষে ক্লাস-অ্যাকশন মামলা পরিচালনার অনুমতিও আদালতের কাছে চেয়েছেন আফরাসিয়াবি।
তার দাবি, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির মাধ্যমে নেওয়া ওই সিদ্ধান্তে ইরান জয় এবং শেষ ৩২-এ খেলার সুযোগ হারায়।
ম্যাচের অতিরিক্ত সময়ে শোজা খলিলজাদেহর করা গোলটি ভিএআর পর্যালোচনার পর অফসাইডের কারণে বাতিল করা হয়। শেষ পর্যন্ত ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। এই ফলেই ইরানের নকআউট পর্বে ওঠার সম্ভাবনা শেষ হয়ে যায়। সে সময় বার্তা সংস্থা রয়টার্সও জানিয়েছিল, ভিএআর পর্যালোচনার ভিত্তিতে গোলটি অফসাইড হিসেবে বাতিল করা হয়।
মামলায় আরও অভিযোগ করা হয়েছে, পুরো টুর্নামেন্টজুড়ে ফিফা ইরানের প্রতি বৈষম্যমূলক আচরণ করেছে এবং দলটির জন্য সমান ও ন্যায্য প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।
তবে মামলার বিষয়ে এখন পর্যন্ত ফিফার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
















