উন্নত দেশ গড়তে প্রয়োজন নৈতিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা: বই বিতরণ অনুষ্ঠানে উশৈসিং এমপি

Bandarban-4 copy

পার্বত্যনিউজ ডেস্ক:

সুন্দর ও উন্নত দেশ গড়তে নৈতিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষার প্রয়োজন বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

বৃহস্পতিবার দুপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক ইনস্টিটিউট অডিটরিয়ামে আয়োজিত মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের বই বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, সুশিক্ষিত সমাজ গঠনে শিক্ষার কোন বিকল্প নেই। শুধু শিক্ষিত হলে চলবে না, শিশুকে গড়ে তুলতে হবে একজন সুনাগরিক হিসেবে। তাই শিশুদের সুশিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষক অভিভাবকদের যৌথ প্রয়াস প্রয়োজন।

তিনি আরও বলেন, বছরের প্রথম দিনেই কোমলমতি শিশুরা বই পেয়ে পড়ালেখার প্রতি আগ্রহী হবে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের দূর্গম এলাকাগুলোতে বছরের শুরুতেই বই পৌছানোর মাধ্যমে শিক্ষা কার্যক্রম আরো গতিশীল হবে। ছেলেমেয়েদের পড়ালেখায় মনযোগি করার স্বার্থে খেলাধূলা, প্রযুক্তি, সংস্কৃতি, বিনোদনসহ যাবতীয় অধিকার প্রতিষ্ঠায় শিক্ষক-অভিভাবকদের আন্তরিক হওয়ার আহবান জানান প্রতিমন্ত্রী।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী, পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য্য, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পূরবী চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহীদুল আজম প্রমুখ।

পরে বিভিন্ন স্কুল থেকে আসা কয়েক শতাধিক শিক্ষার্থীর হাতে বই তুলে দেন প্রতিমন্ত্রী।

উল্লেখ্য, বান্দরবানের ৭টি উপজেলার ৩৩৭টি প্রাথমিক বিদ্যালয় এবং বেসরকারি, এনজিওসহ সব ধরণের প্রাথমিকস্তরের ১ হাজার ২৪টি বিদ্যালয়ে সর্বমোট ৪ লক্ষ ২৯ হাজার ৩০৬টি বই বিতরণ করা হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন