কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফের গোলাগুলি, নিহত ১


কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ) বা নবী হোসেন গ্রুপের প্রধান নবী হোসেনের ছোট ভাই মোহাম্মদ কামাল বলে জানা গেছে।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক মোহাম্মদ আসাদুজ্জামান জানান,বুধবার (৬ মে) দুপুর আড়াইটার দিকে ক্যাম্প-৮ ইস্ট এলাকায় এ ঘটনা ঘটে।
তিনি বলেন, গুলিবিদ্ধ অবস্থায় কামালকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
অন্যদিকে হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নায়েক সাইফুল ইসলাম জানান, গুলিবিদ্ধ অবস্থায় আনার পর কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ কামালকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
উখিয়া থানার ওসি মুজিবুল হক গণমাধ্যমকে বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং ক্যাম্প এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এর আগে গতকাল ৫ মে একই এলাকার আরেক ক্যাম্পে গুলির ঘটনায় একজন রোহিঙ্গা নেতা নিহত এবং দুইজন আহত হন।
















