কক্সবাজারে পাহাড় ধ্বসে এক শিশু নিহত : আহত ২
টানা বর্ষণে জেলার ৫০ গ্রামের দুই সহস্রাধিক পরিবার পানিবন্দি
আবদুল্লাহ নয়ন, কক্সবাজার:
কক্সবাজারে পাহাড় ধ্বসে এক শিশু নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো দুই মহিলা। আজ শনিবার ভোরে কক্সবাজার শহরতলীর সৈকত পাড়ায় পাহাড় ধ্বসের এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৬টার দিকে সৈকত পাড়ার পাহাড়ের পাদদেশে অবস্থিত জনৈক কামালের ভাড়া বাড়ির উপর পাহাড়ের বিশাল একটি অংশ আকস্মিক ধ্বসে পড়ে। ওই সময় বাড়িতে ঘুমন্ত অবস্থায় ভাড়াটিয়া রেজাউল করিমের ৪ বছরের শিশু পুত্র সাকিব সহ অপর দুই জন মাটির নিচে চাপা পড়ে। পরে আশপাশের লোকজন এসে সাকিব সহ অন্যদের মাটির ভেতর থেকে উদ্ধার করে তাৎক্ষনিক কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে কর্তব্যরত ডাক্তার সাকিবকে মৃত ঘোষণা করেন।
ওই ঘটনায় আহত হয় সাকিবের মা তৈয়বা বেগম ও পার্শ্ববর্তী অপর ভাড়াটিয়া শফিক উল্লাহর স্ত্রী সানজিদা বেগম। তারা এক বছর আগে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস শুরু করেছিল।
এদিকে গত কয়েক দিনের টানা বর্ষণে কক্সবাজারের রামু, সদর, উখিয়া, টেকনাফ, চকরিয়া ও পেকুয়া উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকার অন্তত ৫০ টি গ্রামের দুই সহস্রাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন, গভীর সাগরে সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টির কারণে কক্সবাজার সমুদ্র বন্দরকে ৩ নং স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি অতিবৃষ্টি ও পাহাড় ধ্বসের আশংকাও করেছেন তারা। গত ২৪ ঘন্টায় ২৪৫ মি.মি বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।



















