কাপ্তাইয়ে আগুনে পুড়ল ৩ দোকান, ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি


রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের রাইখালী বাজার সংলগ্ন মাঝিপাড়া বটতলা নামক স্থানে আগুনে পুড়ে গেছে স্থানীয় ব্যবসায়ী দেবু বড়ুয়ার মোটর পার্টস ও গাড়ির ব্যাটারির দোকান, ক্যওসিং অং মারমার চায়ের দোকান এবং প্রশান্ত বড়ুয়ার গাড়ির গ্যারেজ।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান ২ নম্বর রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা।
তিনি আরও জানান, চায়ের দোকানের লাকড়ির চুলা থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে।
এদিকে আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন এবং রাত্রিকালীন মোবাইল ডিউটিতে নিয়োজিত চন্দ্রঘোনা থানার এসআই টিটু চন্দ্র দাশ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরবর্তীতে পাশ্ববর্তী চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলা থেকে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জসিম উদ্দিনের নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মীরা ভোর সাড়ে ৪টার দিকে এসে সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জসিম উদ্দিন জানান, চায়ের দোকানের লাকড়ির চুলা থেকে এই আগুনের ঘটনা ঘটতে পারে।
এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, এই অগ্নিকাণ্ডে তাদের প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

















