খাগড়াছড়ি অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবল দল গঠন

ক্রীড়াক্ষেত্রে পাহাড়ের মেয়েদের জন্য সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ

fec-image

পার্বত্য জেলাসমূহের মেয়েরা দেশের ক্রীড়াক্ষেত্রে অসাধারণ অবদান ও সুনাম অর্জন করে চলছেন। এমনকি জাতীয় দলের ফুটবলার হিসেবে একের পর এক সাফল্য অর্জনের মাধ্যমে করছেন বিশ্বজয়। বিদেশের মাটিতে তুলে ধরছেন বাংলাদেশের লাল-সবুজের পতাকা। এ অঞ্চলের মেয়েরা বলছেন, “আমরা শুধু পাহাড়ি মেয়ে নই, আমরা হতে চাই জাতীয় দলের গর্ব।”

পাহাড়ের মেয়েদের এই স্বপ্ন জয়ে এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ি সেনা রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় দলের জন্য খেলোয়াড় তুলে আনতে খাগড়াছড়িতে গঠিত হয়েছে অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবল দল। যার মাধ্যমে স্থানীয় আগ্রহী মেয়েদের জন্য উন্মুক্ত হয়েছে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব ও স্বপ্ন জয়ের। অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবল টিমের প্রতিটি মেয়ের জন্য নিশ্চিত করা হয়েছে থাকা-খাওয়ার সুব্যবস্থা, পোশাক, চিকিৎসা ও প্রয়োজনীয় সকল সুবিধা।

পাহাড়ের মেয়েরা যেভাবে খেলাধুলায় সাফল্য ও দক্ষতা দেখাচ্ছেন, তাতে খেলাধুলা এখন শুধু শরীরচর্চা নয়, এটি হয়ে উঠতে শুরু করেছে পরিবর্তনের হাতিয়ার। আর এই ভাবনা থেকেই খাগড়াছড়ি জেলায় নারীদের ক্রীড়াক্ষেত্রে অংশগ্রহণ বাড়াতে বাংলাদেশ সেনাবাহিনীর এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ।

এই দল গঠনের মাধ্যমে খাগড়াছড়ির মেয়েদের প্রতিভা খুঁজে বের করে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলার আন্তরিক প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে এ অঞ্চলের সর্বস্তরের মানুষ। তারা মনে করছেন, নিয়মিত প্রশিক্ষণের পাশাপাশি খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা ও শৃঙ্খলা উন্নয়নে এ উদ্যোগ বিশেষ অবদান রাখতে সক্ষম হবে।

এ বিষয়ে খাগড়াছড়ি সেনা রিজিয়নের কর্মকর্তাগণ জানান, “আমাদের লক্ষ্য শুধু একটি দল গঠন নয়, বরং ভবিষ্যতের জাতীয় দলের জন্য সম্ভাবনাময়ী খেলোয়াড় তৈরি করা। আমরা চাই এই মেয়েরা একদিন বাংলাদেশের হয়ে মাঠে লড়ুক, দেশের পতাকা তুলে ধরুক আন্তর্জাতিক অঙ্গনে।”

জানা যায়, এই মহতী উদ্যোগে পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা আর্থিক ও নৈতিক সহায়তা দিয়ে প্রমাণ করেছেন, একটি সুন্দর ভবিষ্যতের জন্য সম্মিলিত প্রয়াসই সবচেয়ে কার্যকর।

এই অনুশীলন ও সুযোগ-সুবিধা পেলে পার্বত্য অঞ্চলে তরুণীরা কেবল মাঠেই নয়, সমাজেও হতে পারে বদলের প্রতীক। একসাথে খেলতে খেলতে গড়ে উঠছে সম্প্রীতির মজবুত বন্ধন, যা পাহাড়ের বৈচিত্র্যময় সমাজকে আরও ঐক্যবদ্ধ করবে।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বলছেন, সেনাবাহিনীর এ উদ্যোগ কেবল স্থানীয় একটি ফুটবল দলের সূচনা নয়, এটি একটি প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার যাত্রা। পার্বত্যবাসী বিশ্বাস করে, খাগড়াছড়ির মেয়েরা একদিন জাতীয় ক্রীড়াঙ্গণের গর্ব হয়ে উঠবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন