খালেদা জিয়ার এন্ডোস্কপি সম্পন্ন, বন্ধ হয়েছে পাকস্থলীর রক্তক্ষরণ


রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এন্ডোস্কপি সফলভাবে সম্পন্ন হয়েছে এবং তার পাকস্থলীর রক্তক্ষরণ বন্ধ হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় মেডিকেল বোর্ডের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এদিকে খালেদা জিয়ার জন্য কাতার আমিরের বিশেষ ব্যবস্থাপনায় জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসবে শনিবার (০৬ ডিসেম্বর)। এদিন বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে এয়ার অ্যাম্বুলেন্সটি। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকাস্থ কাতার দূতাবাস।
এর আগে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার লন্ডনে নেয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে এয়ার অ্যাম্বুলেন্স না পৌঁছানোয় তা স্থগিত হয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে জানান, কারিগরি ত্রুটির কারণে শুক্রবার এয়ার অ্যাম্বুলেন্স আসেনি। তবে সব ঠিক থাকলে শনিবার এটি ঢাকায় পৌঁছাবে। তিনি বলেন, ম্যাডামের শারীরিক অবস্থা যাত্রার উপযোগী থাকলে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে ইনশাল্লাহ রোববার (০৭ ডিসেম্বর) লন্ডনে যাত্রা করবেন।

















