গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার


নওগাঁর বদলগাছী উপজেলায় নুপুর (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নুপুর ওই এলাকার বাবু শাহ হোসেনের মেয়ে এবং এক সন্তানের জননী।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার খামার পুকুরপাড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৬–৭ মাস আগে একই উপজেলার মিঠাপুর বওলাপাড়া গ্রামের দুলাল হোসেনের ছেলে শাহারিয়া বর্ষার সঙ্গে নুপুরের বিয়ে হয়। বিয়ের পর পারিবারিক কলহের জেরে তিনি বাবার বাড়িতে বসবাস করছিলেন।
নিহতের পরিবারের অভিযোগ, সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নুপুরের শ্বশুর দুলাল হোসেন, শাশুড়ি দিনা বেগম ও খালা শাশুড়ি বিলকিস তার বাবার বাড়িতে এসে নুপুরের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান এবং একপর্যায়ে তাকে মারধর করে চলে যান।
রাতে নুপুর তার মায়ের সঙ্গে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ৩টার দিকে নুপুরের মা আন্জুয়ারা বেগম ঘুম থেকে উঠে মেয়েকে বিছানায় না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির উঠানে পেয়ারা গাছের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় নুপুরকে দেখতে পান। তার চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
বদলগাছী থানার ওসি লুৎফর রহমান গণমাধ্যমকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ নওগাঁ সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

















