চকরিয়ায় গভীর রাতে দোকানে আগুন : ক্ষয়ক্ষতি ৪০ লাখ টাকা


কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসেরদীঘি আলীফ হার্ডওয়্যার নামে এক দোকান ভস্মীভূত হয়েছে। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দোকান ব্যবসায়ীর অন্তত ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।
ক্ষতিগ্রস্ত দোকান ব্যবসায়ী রিয়াজ উদ্দিন জানান, দোকান বন্ধ করে প্রতিদিনের মতো আমি রাতে বাড়িতে চলে যাই। কিন্তু, রাত দেড়টার দিকে খবর পাই আমার দোকানে আগুন লেগেছে। পরে ঘটনাস্থলে এসে দেখি আমার দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। তিনি কান্না জড়িত কন্ঠে আরো বলেন, এখন আমার পথে বসা ছাড়া আর কোন উপায় নেই।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা দোকানের ভেতরে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। মূলত দোকানের ভেতরে আগুন লাগায় দরজা বন্ধ থাকায় কেউ ভেতরে প্রবেশ করতে পারেনি। পরে, চকরিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে। মুহুর্তেই দোকানের ভেতরে রক্ষিত সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
হাঁসেরদীঘি বাজার কমিটির সাধারণ সম্পাদক কাজল নয়ন বলেন, হঠাৎ রাত দেড়টার দিকে খবর পাই রিয়াজের দোকানে আগুন লেগেছে। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে দোকান থেকে কোন কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। বাজার ব্যবসায়ীরা মিলে তাকে কিছু আর্থিক সহযোগিতা করার চেষ্টা করবো। এদিকে এ ঘটনার খবর পেয়ে বুধবার দুপুর ২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন ফাঁসিয়াখালীর চেয়ারম্যানপ্রার্থী কুতুব উদ্দিন। এসময় তিনি ওই ব্যবসায়ীর হাতে কিছু নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
চকরিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা সেলিম উদ্দিন জানান, খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।

















